ভেড়ামারায় ককটেল বিস্ফোরণে পাঁচ শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ককটেল বিস্ফোরণে পাঁচ শিশু আহত হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার বিলশুকা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বিলশুকা গ্রামে শিশু বাপ্পী, রাব্বী, পাপ্পু, সিজান ও শাকিব তাদের বাড়ির পাশের একটি চাষের জমিতে খেলছিল। খেলার একপর্যায়ে তারা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। এ সময় মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরিত হয়। এতে ওই পাঁচ শিশু আহত হয়। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, তিনজনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। বাকি দুই শিশু চিকিত্সাধীন আছে। এদের মধ্যে রাব্বীর অবস্থা গুরুতর। তার হাতে ও পায়ে আঘাত লেগেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।