ভেড়ামারায় দুটি অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব-১২-এর সদস্যরা। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভেড়ামারার রাইটা সড়কের কাছে ছদ্মবেশে ওত পেতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ব্যবসায়ীরা ওই এলাকায় এলে র‌্যাবের সদস্যরা আক্তারুল ইসলাম (৩২), মোহাম্মদ শুভ (২২), ফারুক হোসেন (৪০), ছমির উদ্দিন (৩২) ও ইয়াছিন আলীকে (২৫) একটি ওয়ান শ্যুটারগান, একটি এলজি, একটি ম্যাগাজিন ও ছয়টি গুলিসহ গ্রেপ্তার করে। এ সময় অজ্ঞাতনামা একজন দৌড়ে পালিয়ে যায়।কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মাহফুজুল হক বলেন, শুভর বাসা ঢাকার খিলগাঁওয়ে। তাঁর বাবার নাম শামসুল আলম। ছমিরের বাসা ঢাকার নাজিরাবাজারে। গ্রেপ্তার হওয়া বাকিরা দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার।