ভেড়ামারায় ফের দইয়ে বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি ৬৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পূর্ব ভেড়ামারা তিন নম্বর সেতুর কাছে একটি মাদ্রাসার হোস্টেলে খাদ্যে বিষক্রিয়ায় ৫৪ জন ছাত্রীসহ ৬৩ জন অসুস্থ হয়েছে। তাদের সন্ধ্যার পর ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

গত শনিবার একই উপজেলার ফারাকপুর গ্রামে এক বিবাহোত্তর অনুষ্ঠানে দই খেয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক রাকিব খান প্রথম আলোকে বলেন, মাদ্রাসায় প্রায় বিভিন্ন ব্যক্তি খাবারের জন্য টাকা দেন। আজ বুধবারও জনৈক এক চিকিত্সক টাকা দেন। সেই টাকায় চাল, ডাল, গরুর মাংস ও দই কেনা হয়। আবাসিক হোস্টেলে মোট শিক্ষার্থী ৫৯জন। এর মধ্যে ৫৪ জন উপস্থিত ছিল। বাকি ৪জন বাড়িতে গেছে। দুপুরে রান্নার পর ছাত্রীদের পাশাপাশি আশপাশের কয়েকজন ও নৈশ প্রহরীরা খাবার গ্রহণ করে।

সন্ধ্যার পর কয়েকজনের পেটে ব্যথা শুরু করে। একপর্যায়ে বমি হয়। এরপর একে একে সবাই পাতলা পায়খানা করতে থাকে। অবস্থা খারাপ দেখে সবাইকে দ্রুত ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিত্সক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমের কারণে দইতে কোন বিষক্রিয়া হয়েছিল। যে কারণে খাওয়ার পর সবাই অসুস্থ হয়ে পড়েছে। তবে এখন তারা আশংকামুক্ত। তিনি আরও বলেন, দইয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে সেগুলো মহাখালীতে পরীক্ষার জন্য পাঠানো হবে।

গত শনিবার ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামে এক বিবাহোত্তর অনুষ্ঠানে দই খেয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।