ভেড়ামারায় মাহাবুলের আদরের ‘কালোমানিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহাবুল আলমের খামারে আমেরিকার ব্রাহামা প্রজাতির গরু ‘কালোমানিক’। গরুটির ওজন আনুমানিক ২৮ মণ
প্রথম আলো

দেখতে কুচকুচে কালো। তাই নাম দেওয়া হয়েছে ‘কালোমানিক’। কিন্তু চোখগুলো তার মায়াবী, সুঠাম শরীর, বিশাল আকার। ওজন আনুমানিক ২৮ মণ। গরুটি দেখতে তাই মাহাবুল আলমের বাড়িতে ভিড় করছে মানুষ। কোরবানির ঈদকে সামনে রেখে যত দ্রুত সম্ভব গরুটিকে বিক্রি করতে চান মাহাবুল। কিন্তু লকডাউনের কারণে বিপাকে পড়েছেন তিনি।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা মাহাবুল আলম। তিনি ইউপি সদস্যও ছিলেন। দুই বছর আগে বিভিন্ন জাতের ১৩টি গরু নিয়ে বাড়ির পাশে আমবাগানে খামার গড়ে তোলেন। এক বছরে একে একে প্রায় সব কটি গরু মোটাতাজা করে বিক্রি করেন। তবে রেখে দেন আমেরিকার ব্রাহামা প্রজাতির গরু কালোমানিককে। সে সময় গরুটির ওজন ছিল প্রায় ১২ মণ। তখন ভালো দাম না পাওয়ায় গরুটি আর বিক্রি করেননি।

আনুমানিক ২৮ মণ ওজনের কালোমানিকের ৩০ লাখ টাকা দাম পাওয়ার আশা করছেন মাহাবুল।

এক বছর ধরে কালোমানিককে পালতে গিয়ে বাৎসল্য স্নেহে জড়িয়ে গেছেন মাহাবুল। গরুটির সঙ্গে তাঁর গড়ে উঠেছে ভাব। নিজের সন্তানের মতোই তাকে লালনপালন করছেন। কালোমানিককে দেখাশোনার জন্য দুজন শ্রমিকও রেখেছেন। তাঁরা পালাক্রমে গরুটিকে গোসল থেকে শুরু করে খাওয়ানো—সব কাজ করেন।

মাহাবুল আলমের খামারে আমেরিকার ব্রাহামা প্রজাতির গরু ‘কালোমানিক’
প্রথম আলো

মাহাবুল বলেন, গরুটি খুবই শান্ত প্রকৃতির। পাত্রে থাকা পানি পাইপের মাধ্যমে মুখের ভেতর নিয়ে পান করতে পছন্দ করে কালোমানিক। নাম ধরে ডাকলে সাড়া দেয়। উঠে বসে গলায়-গলায় ভাব জমায়। প্রতিদিন গরুটিকে কাঁচা ঘাস, খড়, কুমড়া, ভুট্টা, মিষ্টি আলু, ধান, গম, মসুর ডাল খাওয়ানো হয়। তবে আম খেতে ভালোবাসে কালোমানিক। প্রতিদিন তাকে ১৫ থেকে ২০টি আম খাওয়ানো হয়।

কালোমানিককে দেখতে প্রতিদিন মাহাবুলের বাড়িতে ভিড় পড়ে যায়। সারাক্ষণ তাকে সিসি ক্যামেরার নজরদারিতে রাখা হয়। দিনে ও রাতে মালিকের নজরেই থাকে কালোমানিক। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা ফোনে গরুটি কেনার আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু চাওয়ার সঙ্গে তাঁদের হাঁকা দাম মেলে না। কেউ সরাসরি এসে দরদাম করলে মিলে গেলে দ্রুত গরুটি বিক্রি করতে চান বলে জানান মাহাবুল। আনুমানিক ২৮ মণ ওজনের কালোমানিকের ৩০ লাখ টাকা দাম পাওয়ার আশা করছেন মাহাবুল।