ভেড়ামারায় মেয়রকে কারণ দর্শানোর নোটিশ ডিসির
সরকারি বিধি অমান্য করে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে শটগানের গুলি ছুড়ে উল্লাস করায় কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। কেন তাঁর অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে না, জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
গতকাল রোববার দুপুরে কারণ দর্শানোর নোটিশটি মেয়রের কাছে পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে।
জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বলেন, জানমালের নিরাপত্তা রক্ষা ছাড়া লাইসেন্স করা অস্ত্র থেকে কোনো অবস্থাতেই গুলি ছোড়া যাবে না। পৌর মেয়র শামীমুল ইসলাম বিয়ের অনুষ্ঠানে তাঁর লাইসেন্স করা শটগান থেকে গুলি ছুড়েছেন এমন সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিধিবহির্ভূতভাবে অস্ত্র ব্যবহার করায় কেন তাঁর শটগানের লাইসেন্স বাতিল করা হবে না, জনতে চেয়ে মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মেয়রকে শোকজের জবাব দিতে হবে। যথাযথ জবাব দিতে না পারলে তাঁর অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
১০ জানুয়ারি ভাতিজির বিয়ের অনুষ্ঠানে শটগানের গুলি ছুড়ে দেশব্যাপী আলোচিত হন শামীমুল ইসলাম। গুলি ছোড়ার এ দৃশ্য ফেসবুক লাইভে দেখানো হয়।