ভেড়ামারায় রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেললাইনের পাশে পড়ে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনহাজ উদ্দীন (৫০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাসিন্দা।
গতকাল শনিবার সকাল আটটায় মোকারিমপুর ইউনিয়নের মোকারিমপুর গ্রামের বাঁকাপুল এলাকা থেকে ভেড়ামারা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে পোড়াদহ জিআরপি থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় বাসিন্দারা বাঁকাপুল এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার বলেন, রেললাইনের পাশে হওয়ায় লাশ পোড়াদহ জিআরপি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লাশের প্রয়োজনীয় ব্যবস্থা ও আইনানুগ বিষয় জিআরপি থানা-পুলিশ দেখবে।
পোড়াদহ জিআরপি থানার ওসি সুনীল কুমার ঘোষ জানান, দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কোনো অভিযোগ থাকলে নেওয়া হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গের সামনে থেকে পোড়াদহ জিআরপি থানার উপপরিদর্শক রাম প্রসাদ ঘোষ জানান, নিহতের মাথা থেঁতলানো, পিঠে ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এটা অপমৃত্যু না হত্যা, ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। রোববার ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে দেওয়া হবে।