ভেড়ামারায় লাল চাঁদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকা থেকে গতকাল রোববার লাল চাঁদ বাহিনীর প্রধান মল্লিক চাঁদ ওরফে মল্লিক গাইয়েনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামে। পুলিশ জানায়, পদ্মা নদীর রায়টা ঘাট এলাকায় মল্লিক চাঁদ (৪০) ও তাঁর সহযোগীরা গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মল্লিক চাঁদ। কিন্তু পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তবে তাঁর সহযোগীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির জানান, লাল চাঁদ বাহিনীর প্রধান লাল চাঁদ ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার পর থেকে মল্লিক চাঁদ দল পরিচালনা করছেন। মল্লিক চাঁদের বিরুদ্ধে কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর, পাবনার ঈশ্বরদী এবং নাটোরের লালপুর থানায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।