ভেড়ামারায় সংঘর্ষে আহত ২৫
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গণনার সময় প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্েষ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গোলাপনগর গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই কেন্দ্রে ভোট গ্রহণ শেষে গণনার সময় আবদুস সামাদের কর্মী ও সমর্থকেরা ভোটকেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং রফিকুল ইসলাম শ্যামলের সমর্থকদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় শ্যামলের সমর্থকেরা প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াসহ সংঘর্ষ বাধে। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী সামাদের কর্মী ও সমর্থকেরা ওই ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাও করে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় প্রার্থীর প্রায় ২৫ জন কর্মী ও সমর্থক আহত হন। পরে ভোট গণনা শেষে রাত ১২টার দিকে রফিকুল ইসলামকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।ভেড়ামারার ইউনিয়ন পরিষদে দায়িত্বরত কুষ্টিয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সরোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ২৭ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ইটপাটকেলের সময় ওই কেন্দ্রে ম্যাজিস্ট্রেট মোখলেচুর রহমানের গাড়ির গ্লাস ভেঙে যায়।