ভেড়ামারায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের গোডাউন এলাকায় একই স্থানে বিএনপির দুই পক্ষ সভা ডাকায় গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ জানান, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনজুর আলম ও সাবেক সাংসদ শহিদুল ইসলামের পক্ষ শহরের গোডাউন এলাকায় ১০০ গজের মধ্যে গতকাল সকাল ১০টার দিকে পৃথক সভার আয়োজন করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে প্রশাসন জনগণের নিরাপত্তার স্বার্থে ও সহিংসতা এড়াতে সেখানে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এলাকায় মাইকিং করে এ খবর জানিয়ে দেওয়া হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম বলেন, ‘বিএনপির দুই পক্ষ একই স্থানে সভা ডাকায় সহিংসতা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’