ভৈরব উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ১৯ বছরেও হলো না
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের ১৯ বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। সর্বশেষ তিন মাসের ব্যবধানে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কয়েক দফা উদ্যোগ ব্যর্থ হয়।দলীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির দুই পক্ষ নিজেদের অবস্থান সুদৃঢ় করতে যুবদলের কমিটিতে নিজ নিজ পক্ষের লোকদের রাখতে চান। এ নিয়ে দুই পক্ষের কোন্দল আরও প্রকট হয়ে উঠেছে। এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম। তাঁর সঙ্গে আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল হাসনাত, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন শাহজাহান, পৌর কাউন্সিলর আরিফুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, মাহফুজ আহমেদ, উসমান মোল্লা ও ভৈরব পৌরসভার মেয়র শাহিন মিয়া। সূত্র জানায়, ১৯৯৩ সালে ফয়জুল্লাহ মিয়াকে আহ্বায়ক করে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিনি ওই পদে ছিলেন টানা ১৫ বছর। এরপর ২০০৮ সালে নবী হোসেনকে আহ্বায়ক করা হয়। এখনো তিনি ওই পদে আছেন। নবী হোসেন বলেন, ‘নানা কারণে উপজেলা বিএনপি খুব বেশি সময় কোন্দলবিহীন ছিল না। ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে জটিলতা ছিল। এসব কারণে এখনো আমরা উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারিনি।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিগগির দল আহ্বায়ক কমিটিমুক্ত হবে।এদিকে উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের প্রতিপক্ষের লোকজন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়।উপজেলা যুবদলের সভাপতি পদ প্রত্যাশীদের মধ্যে আছেন আরিফুল হক, ফজলুর রহমান, দেলোয়ার হোসেন, মোবারক হোসেন। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা হলেন আল মামুন, জিল্লুর রহমান ও মিল্লাত হোসেন। পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে অচলাবস্থার বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শরীফুল আলম বলেন, ‘দল উপকৃত হবে, এমন প্রক্রিয়ায় আমরা শিগগির উপজেলা যুবদলের কমিটি গঠন করব।’