ভৈরব ও কসবায় একের পর এক ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতার সুযোগে কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটছে। ভৈরবে গত পাঁচ দিনে আটটি বাড়িতে ডাকাতি ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়েছে। কসবায় গত বৃহস্পতি ও শুক্রবার রাতে ছয়টি বাড়িতে ডাকাতি হয়েছে। গত দুই মাসে কসবায় কমপক্ষে ৩৪টি বাড়িতে ডাকাতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে দরজা ভেঙে ২০-২৫ জন ডাকাত কসবা পৌর শহরের ইমামপাড়া গ্রামের বাহরাইনপ্রবাসী মাসুম মিয়ার বাড়িতে প্রবেশ করে। ডাকাতেরা মাসুমের মা ও বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং রশি দিয়ে বেঁধে রেখে ৮০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
একই রাতে খোরশেদ আলম, খোরশেদ মিয়া ও রুক্কু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা একই কায়দায় ওই তিনটি বাড়ি থেকে এক লাখ আট হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। এর আগের দিন বৃহস্পতিবার রাতে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের ফরিদ উদ্দিন ও সোলেমান মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ডাকাত দলের এক সদস্যকে আটক করেন। গত ২৬ নভেম্বর রাতে ডাকাতেরা কসবার পশ্চিম ইউনিয়নের মীরতলা গ্রামের মালু মোল্লা, জমসেদ মিয়া ও আলী নেওয়াজের বাড়ি থেকে প্রায় চার লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এভাবে গত দুই মাসে কমপক্ষে ৩৪টি বাড়িতে ডাকাতি হয়েছে বলে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভৈরব পৌর শহরের চণ্ডীবের কান্দাপাড়া মহল্লার সৌদি আরবপ্রবাসী জাকির হোসেনের বাড়িতে ডাকাত দল হানা দেয়। তাঁর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ছয় ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও বেশ কয়েকটি মুঠোফোন নিয়ে যায় ডাকাতেরা। একই রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকার আল-জাবের কম্পিউটার সেন্টার, জান্নাত ডিপার্টমেন্টাল স্টোর ও অর্পিতা টেলিকম নামের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়। বৃহস্পতিবার রাতে পৌর শহরের পঞ্চবটী মহল্লার আহসানুল হকের বাড়ির প্রধান ফটক ভেঙে ডাকাত দল ঘরে ঢুকে ৩৫ ভরি স্বর্ণালংকার, সাতটি মুঠোফোন ও তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। গত সোমবার রাতে পৌর শহরের রানী বাজার মহল্লার ভাঙারি ব্যবসায়ী কুদ্দুস মিয়া ও জিল্লুর রহমানের বাড়িতে ডাকাতি হয়। এভাবে গত কয়েক দিনে বেশ কয়েকটি বাড়িতে ডাকাতি হয়েছে।
চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে এ অপরাধের প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান বলেন, রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে পুলিশকে সর্বদা মনোযোগী থাকতে হচ্ছে। দিনে সহিংস পরিস্থিতি সামাল দিতে আর রাতে রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তায় ব্যস্ত থাকার সুযোগটি নিচ্ছে অপরাধীরা।