ভৈরব ও দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গতকাল সোমবার ট্রাকের চাপায় রাজন মিয়া (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত রোববার সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও ভৈরব থানার পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকায় যানজট দেখা দেয়। সেখানে কয়েকটি অটোরিকশা আটকা পড়ে। এ সময় দুই অটোরিকশাচালকের মধ্যে তর্ক শুরু হয়। রাজন ছিলেন এক অটোরিকশাযাত্রী। তিনি মামুন মিয়া নামে অন্য একটি অটোরিকশাচালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রাজন মামুনের ধাক্কায় সড়কে পড়ে যান। ওই সময় একটি ট্রাক রাজনের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানড়া গ্রামের কাছে গত রোববার রাতে গাড়ির চাপায় এক নারী (৩৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গভীর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।