ভৈরব-কিশোরগঞ্জ সড়কে চারটি সেতুর উদ্বোধন
ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবনির্মিত চারটি সেতুর উদ্বোধন করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার সকালে তিনি ভৈরবে মিরারচর সেতু, গাজিরটেক সেতু, কুলিয়ারচরের ছয়সুতি সেতু ও কিশোরগঞ্জ সদরে হারোয়া সেতুর উদ্বোধন করেন।
মন্ত্রী সকাল সাড়ে ১০টায় প্রথমে গাজিরটেক সেতু উদ্বোধন করেন। এরপর তিনি মিরারচর ও ছয়সুতি সেতু উদ্বোধন করেন। সেতু উদ্বোধনের পর মন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় নিজের মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, দেশে এখন ১০০টির মতো সেতু উদ্বোধনের অপেক্ষায় আছে। শুধু সময়ের অভাবে উদ্বোধন করা যাচ্ছে না। এ সময় তিনি প্রচলিত উদ্বোধনপ্রথারও সমালোচনা করেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে উদ্বোধন মানে আনুষ্ঠানিকতা, ভাষণ। ভাষণ দিতে দিতে শেষ পর্যন্ত সময় নষ্ট হয়ে যায়।’
এরপর তিনি নিজস্ব স্টাইল সম্বন্ধে বলেন, ‘আমার উদ্বোধনের স্টাইল হলো দুই মিনিটে শেষ করা।’ উদাহরণ দিয়ে বলেন, খাগড়াছড়ি যাওয়ার পথে ১৭টি সেতুর নির্মাণকাজের উদ্বোধন করতে তাঁর সময় লেগেছে মাত্র ৩৪ মিনিট। আর এখন তিনটি সেতু উদ্বোধন করেছেন ছয় মিনিটে। প্রতি সেতুতে দুই মিনিটের বেশি সময় তিনি ব্যয় করেননি। তিনি বলেন, ‘কম সময় ব্যয় করায় সারা দিন অনেক কাজ দেখতে পাব। কারণ, এই দেশে রাস্তাঘাটের অনেক সমস্যা আছে।’ হারোয়া সেতুটির উদ্বোধন তিনি কুলিয়ারচর থেকে ঘোষণা দেন।
প্রকল্প পরিচালক মো. দলিল উদ্দিন বলেন, সেতু চারটি নির্মাণে ব্যয় হয়েছে ৪২ কোটি টাকা। জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।