ভৈরব গণহত্যা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ এপ্রিল ১৯৭১। হানাদার বাহিনীর চারটি জেট বিমান, একাধিক হেলিকপ্টার ও গানশিপ ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র মানুষের ওপর। জীবন বাঁচাতে হাজার খানেক মানুষ জড়ো হয় ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের আলগড়া খেয়াঘাটে। কিন্তু নদ পার হওয়ার আগেই আধা ঘণ্টার ব্যবধানে গুলিতে শহীদ হন ৩৫০ জন।
বছর ঘুরে আজ মঙ্গলবার ভৈরব গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে ভৈরবের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সম্মান জানাবে।
মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব উপজেলা কমান্ডের কমান্ডার সিরাজ উদ্দিন বলেন, প্রচলিত রীতি অনুযায়ী পয়লা বৈশাখ শুভ হালখাতা অনুষ্ঠান করার কথা থাকলেও শহীদদের সম্মানে ভৈরবের বেশির ভাগ ব্যবসায়ী ওই দিন তা করেন না। অন্য কোনো সুবিধাজনক দিনে হালখাতা করা হয়।
মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকিস্তানি বাহিনীর ত্রিমুখী আক্রমণে ভীত ভৈরববাসী জীবন বাঁচানোর তাগিদে ছুটতে থাকে। হত্যাযজ্ঞ, লুট ও অগ্নিসংযোগ চালিয়ে হানাদার বাহিনী একপর্যায়ে ভৈরব বন্দর দখল করে নেয়। একই দিন তারা ভৈরব রেলস্টেশন, জব্বার জুট মিল ও মেঘনা নদীর পাড়ে হত্যাযজ্ঞ চালায়। এ ছাড়া ছত্রীসেনারা শত শত ঘরবাড়িতে আগুন দেয়।
সম্প্রতি বধ্যভূমিতে গিয়ে দেখা যায়, কয়েক তরুণ বসে মাদক সেবন করছেন। বধ্যভূমিটি রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা প্রশাসন আবদুল লতিফ নামের একজন মুক্তিযোদ্ধাকে দায়িত্ব দিয়েছে।
ইউএনও জেসমিন আক্তার বলেন, বধ্যভূমি সুরক্ষার জন্য কাঁটাতারের বেষ্টনী দেওয়া হয়েছে। দেখাশোনা করার জন্য তত্ত্বাবধায়ক নিয়োজিত করা হয়েছে।