ভৈরব ছাত্রদলের নতুন কমিটির দাবিতে একাংশের বিক্ষোভ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সমেঞ্চলন করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। পৌর শহরের বঙ্গবন্ধু সরণির আইস কোম্পানি চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন কমিটির দাবিতে গতকাল সকাল ১০টার দিকে আইস কোম্পানি চত্বরে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী শহিদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রদলের মাসুদ মোল্লা, মীর রাজন আহমেদ, জাহিদুল ইসলাম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল উপজেলা শাখার সর্বশেষ কমিটি হয় ২০০৩ সালে। ইতিমধ্যে কমিটির সভাপতিসহ অনেকে বিয়ে করেছেন। ছাত্রত্ব হারিয়েছেন অনেকে। অনেকে আবার দেশেও নেই। ফলে তাঁদের পক্ষে সরকারবিরোধী আন্দোলনসহ সাংগঠনিক কর্মসূচি পালন করা সম্ভব হচ্ছে না। সমাবেশ শেষে একই দাবিতে তাঁরা আইস কোম্পানি চত্বর থেকে মিছিল নিয়ে বের হন। মিছিলটি বাজারে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। পরে ওই চত্বরে ফিরে এসে তাঁরা সংবাদ সম্মেলন করেন।ছাত্রদল সূত্রে জানা গেছে, কমিটি গঠন ইস্যুতে এক বছর ধরে বর্তমান কমিটির সভাপতি জোবায়ের আল মাহমুদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও শহিদুল হক পৃথক নেতৃত্ব গড়ে তোলেন। এই তিনজনকে বিএনপি ও যুবদলের বিভিন্ন নেতা আলাদাভাবে সমর্থন দিচ্ছেন।