ভৈরব দলিল লেখকদের কলমবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে দলিল লেখক সমিতির অনির্দিষ্টকালের কলমবিরতি চার দিন পর প্রত্যাহার হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যান।

অতিরিক্ত ঘুষ ছাড়া দলিল নিবন্ধন করেন না—এমন অভিযোগ এনে সাবরেজিস্ট্রার আসমা আক্তার ও অফিস সহকারী রফিকুল ইসলামের প্রত্যাহার চেয়ে ২ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কলমবিরতি শুরু করে দলিল লেখক সমিতি।

জানা গেছে, অচলাবস্থা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া গত বৃহস্পতিবার সকালে সাবরেজিস্ট্রার কার্যালয়ে পক্ষ দুটিকে নিয়ে সমঝোতা সভা করেন। সভা থেকে দলিল লেখকেরা কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভৈরব দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল কবির বলেন, ‘আমাদের প্রধান চাওয়া ছিল সাবরেজিস্ট্রার ও অফিস সহকারী প্রত্যাহার। প্রধান দাবি পূরণ হয়নি। তারপরও শুধু জনগণের দুর্ভোগের কথা ভেবে অবস্থান থেকে সরে এসেছি।’