ভৈরব নদ খনন শুরুর সাড়ে তিন মাস পর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরব নদে খনন শুরুর প্রায় সাড়ে তিন মাস পর কাজের উদ্বোধন করা হয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল শুক্রবার সকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদের এই খননকাজ উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ কুমার রায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, যশোরের জেলা প্রশাসক হ‌ুমায়ূন কবির ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী বলেন, বর্তমান সরকার যোগাযোগ খাতে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে। সড়ক, নৌপথ, রেলপথ—সব ক্ষেত্রে সরকারের সফলতা চোখে পড়ার মতো।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, খুলনা থেকে নওয়াপাড়া পর্যন্ত ভৈরব নদের দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার। এর মধ্যে খুলনা থেকে শিরোমণি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারের অবস্থা মোটামুটি ভালো। খুলনার শিরোমণি থেকে নওয়াপাড়া পর্যন্ত ভৈরব নদের প্রায় ১৯ কিলোমিটারের অবস্থা বেশ খারাপ। তবে ভৈরবের সবচেয়ে শোচনীয় অবস্থা নওয়াপাড়া নৌবন্দরের প্রায় সাড়ে ১২ কিলোমিটার এলাকার। সব মিলিয়ে নৌপথটির সাড়ে ২৭ কিলোমিটার খনন করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৫ লাখ টাকা। গত নভেম্বরে কার্যাদেশ দেওয়া হয়, যার মেয়াদ কার্যাদেশের তারিখ থেকে ৭২০ দিন।

কার্যাদেশ পেয়ে গত ১৯ ফেব্রুয়ারি থেকে খননকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।