ভৈরব নদ খননে ৪৪ কোটি টাকার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কাস্টম ঘাট থেকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পর্যন্ত ভৈরব নদ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ কাজে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
খুলনা বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী নজিবুল হক খান প্রথম আলোকে বলেন, ভৈরব নদ খননের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। যাচাই-বাছাইও শেষ হয়েছে। দুই মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে। এরপরই খননকাজ শুরু হবে।
বিআইডব্লিউটিএর খুলনা কার্যালয় সূত্র জানায়, ভৈরব নদের খুলনা থেকে নওয়াপাড়া পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার। এর মধ্যে খুলনার কাস্টম ঘাট থেকে শিরোমণি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার অংশের অবস্থা ভালো। শিরোমণি থেকে নওয়াপাড়া পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকা খারাপ। সবচেয়ে খারাপ অবস্থা নওয়াপাড়া নদীবন্দরের প্রায় সাড়ে ১২ কিলোমিটার অংশ। এই অংশেই মূল খননকাজ পরিচালনা করা হবে। এর আগে ২০১০ সালে নওয়াপাড়া নদীবন্দর এলাকায় প্রায় ১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ভৈরব নদের নওয়াপাড়া থেকে ভাটপাড়া পর্যন্ত ছয় কিলোমিটার অংশ খনন করে বিআইডব্লিউটিএ। ওই বছরই এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) খুলনা থেকে নওয়াপাড়া পর্যন্ত নদের ২৫ লাখ ঘনমিটার খনন করার পরিকল্পনা নেয়। পরে ২০১১ সালে এডিবি প্রকল্পটি বাতিল করে দেয়।
সূত্র জানায়, সর্বশেষ গত ৬ জুন ভৈরব নদ খননের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২০ জুলাই ছিল দরপত্র জমা দেওয়ায় শেষ দিন। গত বৃহস্পতিবার দরপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি টাকা। ৭২০ দিনের মধ্যে এ কাজ শেষ হবে। নদটির খনন সম্পন্ন হলে নওয়াপাড়ার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং নওয়াপাড়ার ব্যবসা আরও সম্প্রসারিত হবে।
নওয়াপাড়ার কয়েকজন ব্যবসায়ী বলেন, সড়ক, রেল ও নদীপথে ভালো যোগাযোগব্যবস্থার কারণে গত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে নওয়াপাড়ায় সার, খাদ্যশস্য ও সিমেন্ট ব্যবসার ব্যাপক প্রসার ঘটে। নওয়াপাড়া দেশের অন্যতম বড় বিপণনকেন্দ্রে পরিণত হয়। আমদানি করা সার ও খাদ্যশস্য চট্টগ্রাম ও মোংলা বন্দরে বড় জাহাজ থেকে খালাসের পর তা বার্জ ও কার্গোতে করে নদীপথে নওয়াপাড়া বন্দরে আনা হয়। ভৈরব নদে প্রতিদিন দুই শতাধিক বার্জ ও কার্গো থেকে পণ্য ওঠানো-নামানো হয়। এ ছাড়া ভারত থেকে স্থলপথে যেসব পণ্য আমদানি করা হয় তার বেশির ভাগ রেলের বগিতে করে দর্শনা স্থলবন্দর হয়ে নওয়াপাড়ায় আনা হয়। এসব পণ্য নদীপথে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।
নওয়াপাড়ার পাথর ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ভৈরব নদ খনন না করায় বার্জ ও কার্গো ঠিকমতো আসতে পারছে না। বিআইডব্লিউটিএ নদটি খনন করলে নওয়াপাড়ার ব্যবসা-বাণিজ্য আরও বাড়বে।
নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, ব্যবসায়ীদের মূল দাবি ছিল ভৈরব নদ খনন। নদটি খনন না হওয়ায় নদীবন্দরটি থেকে রাজস্ব আয় ক্রমশ কমে যাচ্ছে। নদটি খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা তাঁদের কাঙ্ক্ষিত সুবিধা পাবেন।