ভৈরব নদ দখল ও দূষণমুক্ত রাখার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরব নদ দখল-দূষণমুক্ত রাখার দাবিতে গতকাল বাগেরহাট পৌর পার্কে সমাবেশ করা হয়। এর আয়োজন করে জেলা প্রশাসন ও পৌরসভা l ছবি: প্রথম আলো
ভৈরব নদ দখল-দূষণমুক্ত রাখার দাবিতে গতকাল বাগেরহাট পৌর পার্কে সমাবেশ করা হয়। এর আয়োজন করে জেলা প্রশাসন ও পৌরসভা l ছবি: প্রথম আলো

ভৈরব নদ দখল-দূষণমুক্ত রাখার দাবিতে বাগেরহাটে সামাজিক সমাবেশ হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই আয়োজনে সবাই মিলে বাগেরহাট শহরের পাশ দিয়ে যাওয়া ভৈরব নদ রক্ষার শপথ নেন।

ভৈরব নদকে কেন্দ্র করে বাগেরহাট শহরের গোড়াপত্তন। দূষণ, দখলসহ নানা অব্যবস্থাপনায় জৌলুশ হারাচ্ছিল নদটি। বিষয়টি নিয়ে ৮ এপ্রিল প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেয় জেলা প্রশাসন ও পৌরসভা। উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করা হয় ভৈরবের তীর। নদটি দূষণমুক্ত রাখতে নেওয়া হয় নানা পদক্ষেপ। এ জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল বাগেরহাট পৌর পার্কে সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন ও পৌরসভা। সমাবেশ থেকে ভৈরব নদ দূষণ ও দখলমুক্ত রাখতে জেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয় ব্যক্তিরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

এই সমাবেশে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং বিভিন্ন জেলা থেকে আসা সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীরা।