ভৈরব নদ ফের ইজারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরব নদের কৈখালী এলাকার সাত কিলোমিটার এলাকা বদ্ধ জলাশয় হিসেবে ইজারা নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে যশোরের জেলা প্রশাসন। গত ২৫ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তকে জনগণের স্বার্থবিরোধী উল্লেখ করে তা বাস্তবায়ন না করার জন্য গত বৃহস্পতিবার জেলা প্রশাসক নূরুল আমিনের কাছে স্মারকলিপি দিয়েছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।স্মারকলিপিতে বলা হয়েছে, জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১ মার্চ থেকে ভৈরব নদ উন্মুক্ত জলাশয় ঘোষণা করা হয়। এর পর থেকে ওই এলাকার কৃষকেরা নদের পানি সেচ দিয়ে বোরো ও বিভিন্ন সবজির আবাদ করে আসছে। এবার কমপক্ষে নয় গ্রামের কৃষক নদের পানিতে পাট পচিয়েছে। নদ ইজারা থাকাকালে কৃষকেরা এ সুবিধা কখনো ভোগ করতে পারেননি। অথচ সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা না করে কিছু লোকের স্বার্থসিদ্ধির জন্য নদ ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভৈরব নদ সংস্কার আন্দোলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আফসার আলী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, ভৈরব নদ উন্মুক্ত আন্দোলনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।মত্স্য বিভাগ সূত্রে জানা গেছে, বাঘারপাড়ার জামালপুর থেকে সৈয়দ মাহমুদপুর পর্যন্ত ভৈরব নদের ১২৮ একর ২৬ শতাংশ অংশকে বদ্ধ জলাশয় দেখিয়ে কৈখালী বাঁওড় নামে ১৯৮৩ সালে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) প্রকল্পের আওতায় ৫০ বছরের জন্য ইজারা দেওয়া হয়। পরে নদীতে বাঁধ দিয়ে পুকুর বানিয়ে মাছ চাষের জন্য স্থানীয় জেলেদের মধ্যে নদ বরাদ্দ দেয় ইজারাদার প্রতিষ্ঠান। ইজারার চুক্তির শর্তে বলা হয়, ১০ বছর পর পর চুক্তি নবায়ন করতে হবে। এ ছাড়া নৌ-চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কিছু করা যাবে না, নদের পানিতে বর্জ্য ব্যবহার করা যাবে না, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়। কিন্তু এসব শর্ত মানা হয়নি। নদীতে বাঁধ দেওয়ার কারণে এখন আর নৌকা চলাচল করতে পারে না। গত ১৯ জুন প্রথম আলোয় ‘ভৈরব নদে ১০টি বাঁধ, ১০০ হেক্টরে আবাদ নিয়ে শঙ্কা’ শিরোনামে একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় নদ ইজারাসংক্রান্ত তদন্ত কমিটির সদস্য দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক জনেন্দ্রনাথ সরকার বলেছিলেন, ‘নদীটি ইফাদ প্রকল্পের আওতায় আনা কতটা যৌক্তিক ছিল সেটিই এখন তদন্ত করে দেখার বিষয়। নদীটি ইজারা দেওয়ার কারণে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এমন ৩০টি বিষয় উল্লেখ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।’সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সাংসদের উপস্থিতিতে সভার মাধ্যমে নদটি ইজারা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। যার পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট সাত কিলোমিটার নদ বদ্ধ জলাশয় হিসেবে ইজারা নবায়ন করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক নূরুল আমিন বলেন, কৃষকের যাতে সেচের কোনো সমস্যা না হয়, এমন শর্ত দিয়ে যশোর-৪ (বাঘারপাড়া-সদরের আংশিক) আসনের সাংসদ রণজিৎ রায়ের উপস্থিতিতে নদের বদ্ধ জলাশয় অংশটির ইজারা নবায়নের সিদ্ধান্ত হয়েছে।ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির আহ্বায়ক আফসার আলী বলেন, সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনায় না নিয়ে সাংসদের সুপারিশে নদের ইজারা নবায়ন করা হচ্ছে। ওয়ার্কার্স পার্টির নেতা ইকবাল কবির বলেন, সাংসদ ভূমি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হওয়ায় মন্ত্রণালয় থেকে তাঁর মতামত নিয়ে ইজারা দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি বলেন, ওই ইজারা বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষের সঙ্গে ইজারাদারদের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে।এ বিষয়ে কথা বলার জন্য সাংসদ রণজিত রায়ের মুঠোফোনে বারবার চেষ্টা করে বন্ধ পাওয়া যায়। গতকাল শুক্রবার যশোরের একটি অনুষ্ঠানে বিষয়টি এই প্রতিনিধি সাংসদের কাছে উপস্থাপন করলে তিনি কথা বলতে চাননি।