ভৈরব নদ বাঁচাতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত যশোরের প্রাণ ভৈরব নদ সংস্কার বাস্তবায়নের দাবিতে এক লাখ মানুষের স্বাক্ষরসংবলিত স্মারকলিপি যশোর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবশেবাদী সংগঠন ‘জন-উদ্যোগ’-এর নেতা-কর্মীরা গতকাল সোমবার দুপুরে এ স্মারকলিপি দেন।

সংগঠনের আহ্বায়ক এম আর খায়রুল উমাম বলেন, ২০১০ সালের ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধন করতে গিয়ে ভৈরব নদ সংস্কার করার প্রতিশ্রুতি দেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে চিঠিপত্র পাঠানো হয়। পানি উন্নয়ন বোর্ড থেকে এ-সংক্রান্ত একটি সমীক্ষাপত্রও প্রস্তুত করা হয়েছে। কিন্তু কোথায় যেন প্রকল্পটি আটকে আছে। ভৈরব নদ না বাঁচলে যশোরের পরিবেশ ও জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

খায়রুল উমাম জানান, এক মাস ধরে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। লক্ষাধিক মানুষের স্বাক্ষর নিয়ে জেলা প্রশাসক হুমায়ুন কবীরের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ওই স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন বলে জেলা প্রশাসক তাঁদের জানিয়েছেন।