ভৈরব নদে পশুর বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের কাঠেরপুল এলাকার মাংস ব্যবসায়ীরা ভৈরব নদে গরু-ছাগলের নাড়িভুঁড়ি, রক্ত, হাড় ও পচা মাংস ফেলছেন৷ এসব বর্জ্যের দুর্গন্ধে ওই এলাকায় মানুষ টিকতে পারছে না৷ এ ছাড়া এতে পরিবেশ দূষিত হচ্ছে৷ এলাকার ১৫ জন বাসিন্দা ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৫ এপ্রিল পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর শেখ সালাউদ্দীনের কাছে স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, কাঠেরপুল এলাকার মাংস ব্যবসায়ীরা সেতুর ওপর থেকে ভৈরব নদে জবাই করা গরু-ছাগলের রক্ত, নাড়িভুঁড়ি, গোবর ও পচা মাংস ফেলছেন৷ দুর্গন্ধে এলাকায় টেকা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে৷ এ কারণে মশা-মাছির উপদ্রব বাড়ছে এবং রোগজীবাণু ছড়াচ্ছে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠেরপুলের দুই পাশে গরু-ছাগলের মাংস, নাড়িভুঁড়িসহ উচ্ছিষ্ট অংশ বিক্রির অন্তত ২৫টি দোকান রয়েছে৷ এখানে বিক্রির পর থেকে যাওয়া নাড়িভুঁড়ি এবং রক্তসহ অন্যান্য বর্জ্য ফেলার জন্য কোনো আস্তাকুঁড় নেই৷ তাই দোকানদারেরা পাশের ভৈরব নদে নাড়িভুঁড়ি, রক্ত ও বর্জ্য ফেলছেন৷
গত ১৮ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, ভৈরব নদে পানির কোনো স্রোত নেই৷ জোয়ার-ভাটা না থাকায় নদটি কচুরিপানায় ভরে গেছে৷ সেতুর নিচে ও আশপাশের এলাকায় গরু-ছাগলের নাড়িভুঁড়ি ও বর্জ্যের স্তূপ জমে আছে৷ কয়েকটি কুকুর সেখানে ঘোরাঘুরি করছে৷ ওই এলাকাটি মশা-মাছির প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে৷ নাকে রুমাল দিয়ে পথচারীরা চলাচল করছেন৷
স্থানীয় বাসিন্দা মাটির তৈজসপত্রের দোকানদার জোহরা বেগম বলেন, ‘সকালে রোদ চড়লি (বাড়লে) দুর্গন্ধে আর টেকা যায় না৷ দুর্গন্ধের কারণে দুমুঠো ভাতও খাতি পারিনে৷ বমি চলে আসে৷ আর বেলা তিনটের পর থেকে মশা-মাছির উপদ্রব বাড়ে যায়৷’ আবদুল খালেক নামের অপর এক ব্যবসায়ী বলেন, ‘পৌরসভায় কতবার অভিযোগ দিলাম, কিন্তু কাজ হলো না৷ মাংসের দোকানদারদের ওই সব ময়লা ভৈরবে ফেলতে মানা করলেও তারা শোনে না।’ মাংস ব্যবসায়ী মো. নান্টু বলেন, ‘ময়লা ফেলার জন্য পৌরসভার নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমাদেরও তো দুর্গন্ধ লাগে৷ কী করব৷ বাধ্য হয়েই তো ফেলতে হয়৷’
প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সালাউদ্দীন বলেন, কাঠেরপুল এলাকায় গরুর মাংসের সবচেয়ে বড় বাজার৷ ওই এলাকা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে৷ পশুর বর্জ্যের দুর্গন্ধে মানুষের সমস্যা হচ্ছে৷ ভৈরব নদ ও এর আশপাশে বর্জ্য না ফেলার জন্য ওই এলাকার মাংস ব্যবসায়ীদের সপ্তাহ দুয়েক আগে নোটিশ দেওয়া হয়েছে৷
যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম বলেন, কাঠেরপুল এলাকায় গরু-ছাগলের বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই৷ তবে বৈজ্ঞানিক প্রযুক্তিতে ওই এলাকায় একটি কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে৷ আপাতত ভ্যানসহ একজন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) নিয়োগ দিয়ে সমস্যার সমাধান করা হবে৷ দোকানদারেরা তাঁদের ময়লা-আবর্জনা ওই ভ্যানের ভেতরে ফেলবেন৷ পরিচ্ছন্নতাকর্মীরা সেগুলো পৌরসভার ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলে আসবেন৷