ভৈরব নদে বেড়া উচ্ছেদে প্রশাসনের দুটি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভৈরব নদে সেই পাটা (বেড়া) উচ্ছেদের জন্য প্রশাসনের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। নদের দখল হওয়া অংশ পরিদর্শন ও সীমানা নির্ধারণের জন্য কমিটির কর্মকর্তারা আজ সোমবার নদের তীরে যাচ্ছেন।যশোর কালেক্টরেটের কানুনগো হাবিবুল্লাহ বাহারকে প্রধান করে চার সদস্যের যৌথ জরিপদল এবং রেভিনিউ ডেপুটি কালেক্টরেট (আরডিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি মনি চাকমাকে প্রধান করে সরেজমিন পরিদর্শকদল গঠন করা হয়েছে। গতকাল রোববার এ-সংক্রান্ত চিঠি কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে জানা গেছে।যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহুরুল হক প্রথম আলোকে বলেন, জরুরি ভিত্তিতে ভৈরব নদের সীমানা নির্ধারণ ও নদ দখল করে পাটা দিয়ে মাছ চাষের সরেজমিন প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে।যশোর শহরের বাবলাতলা সেতু থেকে নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর পর্যন্ত ভৈরব নদের ছয় কিলোমিটার দখল করে মাছের চাষ করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। শনিবার প্রথম আলোর শেষের পাতায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়।জন-উদ্যোগের সংবাদ সম্মেলনএদিকে পরিবেশবাদী সংগঠন ‘জন-উদ্যোগ যশোর’-এর আয়োজনে গতকাল বিকেলে ভৈরব নদ সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের ভূপতি মঞ্চে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সদস্যসচিব শরিফুল আলম। বক্তব্যে বলা হয়, যশোরের প্রাণ ভৈরব নদ সংস্কার ও দখলমুক্ত করে নদের নাব্যতা ফিরিয়ে আনতে হবে। ২০১০ সালের ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর সফরকালে নদটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠান। এরপর এক বছর পার হলেও তেমন অগ্রগতি হয়নি। এদিকে ক্রমাগত নদটি দখল হয়ে যাচ্ছে।সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় সাবেক সভাপতি এম আর খায়রুল উমাম, প্রবীণ শিক্ষাবিদ সন্তোষ হালদার, রাষ্ট্রপক্ষের সাবেক কৌঁসুলি (পিপি) আবুল হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।সম্মেলন থেকে আজ বিকেল চারটায় শহরের গাড়িখানা সড়কে ভৈরব নদ বাঁচানোর দাবিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।শাহিন চাকলাদারের প্রতিবাদএদিকে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার। গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘খবরে বলা হয়েছে, আমার ভাই আওয়ামী লীগের কর্মী তৌহিদ চাকলাদারের নেতৃত্বে নদের একটি অংশে পাটা দিয়ে মাছ চাষ করা হচ্ছে। প্রকৃতপক্ষে তৌহিদ চাকলাদার নামে আমার কোনো ভাই নেই। ভৈরব নদে মাছ চাষ করা বা না করার বিষয়ে আমার কিছু জানা নেই। সংবাদটি মিথ্যা ও বানোয়াট।’প্রতিবেদকের বক্তব্যভৈরব নদে পাটা দিয়ে মাছ ধরার খবরটি সম্পূর্ণ সঠিক ও তথ্যনির্ভর।তৌহিদ চাকলাদারের নেতৃত্বে শহরের বাবলাতলা থেকে গাবতলা পর্যন্ত ভৈরব নদের অন্তত এক কিলোমিটারের মধ্যে দুটি পাটা দিয়ে মাছের চাষ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তৌহিদ চাকলাদার শাহিন চাকলাদারের ভাই পরিচয়ে মাছের চাষ করছেন। এ ছাড়া অন্য যাঁরা মাছের চাষ করছেন, তাঁরাও শাহিন চাকলাদারের লোক পরিচয় দিচ্ছেন।প্রকৃতপক্ষে তৌহিদ চাকলাদার শাহিন চাকলাদারের চাচাতো ভাই।