ভৈরব নদে ১০টি বাঁধ, ১০০ হেক্টরে আবাদ নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার কৈখালী এলাকায় ভৈরব নদে আঁড়াআঁড়ি ১০টি বাঁধ দিয়ে ১৫টি পুকুর বানিয়ে মাছের চাষ করা হচ্ছে। মাছ চাষের সুবিধার্থে ওই এলাকার নয় গ্রামের সাতটি বিল ও দুটি বাঁওড়ের পানি বের করার জন্য কাটা খালের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বর্ষা মৌসুমে বিলগুলো থাকে জলাবদ্ধ, আর শুষ্ক মৌসুমে থাকে পানিশূন্য। নদটি উন্মুক্ত ঘোষণার পরও ইজারাদারেরা এলাকাবাসীকে নদে নামতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক জিএম আবদুল হাকিম জানান, এবারের বর্ষা মৌসুমে ওই বিলগুলো থাকবে জলাবদ্ধ। ফলে অন্তত ১০০ হেক্টর জমিতে আমন আবাদ না হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকার কৃষক আনিছুর রহমান বলেন, চড়া দামে মাছচাষিদের কাছ থেকে নদের পানি কিনে বোরো আবাদে সেচ দিতে হয়েছে। এবার আমন আবাদ করতে না পারলে পথে বসতে হবে। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বাঘারপাড়ার জামালপুর থেকে সৈয়দ মাহমুদপুর পর্যন্ত ১২৮ একর ২৬ শতাংশ নদকে বদ্ধ জলাশয় দেখিয়ে ‘কৈখালী বাঁওড়’ নামে ১৯৮৩ সালে ‘ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট’ (ইফাদ) প্রকল্পের আওতায় ৫০ বছরের জন্য ইজারা নেওয়া হয়। ওই সময় প্রকল্পের পক্ষে জেলা মৎস্য কর্মকর্তা ও ইজারাদাতা হিসেবে জেলা প্রশাসকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পরে মৎস্য কর্মকর্তা মৎস্য সমিতি ও জেলেদের মধ্যে তা ইজারা দেন। চুক্তির শর্তে বলা হয়, ১০ বছর পরপর চুক্তি নবায়ন করতে হবে। এ ছাড়া নৌ-চলাচলে বিঘ্ন ঘটে—এমন কিছু করা যাবে না। কিন্তু নদে বাঁধ দেওয়ায় এখন আর নৌকা চলাচল করতে পারে না। ভৈরব নদ উন্মুক্ত আন্দোলনের সভাপতি আতিয়ার রহমান বলেন, আন্দোলনের মুখে তৎকালীন জেলা প্রশাসক মহিবুল হক গত ১০ ফেব্রুয়ারি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ১৫ ফেব্রুয়ারি থেকে নদটি উন্মুক্ত বলে ঘোষণা দেন। তারপরও নদ দখলকারী আওয়ামী লীগ কর্মী মাখন লাল ঘোষ, আবু তালেব মোল্লা, নদ ইজারা নেওয়া কালীদাস বিশ্বাস ও সুনীল বিশ্বাসের নেতৃত্বে ইজারাদারেরা এলাকাবাসীকে নদে নামতে দিচ্ছে না। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার মাথাভাঙ্গা থেকে বাঘারপাড়া উপজেলার রুস্তমপুরে যাতায়াতের সড়কের পাশে দেড় কিলোমিটারের মধ্যে আঁড়াআঁড়িভাবে ১০টি বাঁধ দিয়ে খণ্ড খণ্ড পুকুর বানানো হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আবদুল মতিন বলেন, ‘যেহেতু নতুন করে ইজারা নবায়ন করা হয়নি, সেহেতু ওই বাঁওড় আর আমাদের আওতায় নেই। তাই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’ এ ব্যাপারে মাখন লাল ঘোষ বলেন, ‘আমি ইজারাদারদের কেউ নই। তাঁদের পক্ষে একটু কথা বলি বলে নদ উন্মুক্ত আন্দোলনের পক্ষের লোকজন আমাকে দায়ী করেন।’ এক নম্বর পুকুর মৎস্য সমিতির সভাপতি সুনীল বিশ্বাস বলেন, ‘৫০ বছরের জন্য ইজারা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক নদ উন্মুক্ত ঘোষণা করার পর আমরা ভূমি মন্ত্রণালয়ে ইজারা নবায়নের জন্য আবেদন করেছি।’ অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনেন্দ্র নাথ সরকার বলেন, নদটি ইজারা দেওয়ার কারণে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে—এমন ৩০টি বিষয় উল্লেখ করে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।