ভৈরব নদে 'অপরিকল্পিত' সেতুর কাজ চলছেই
যশোর শহরের বাবলাতলা এলাকায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেই ‘অপরিকল্পিত’ সেতুটির কাজ বন্ধ করা হয়নি। সেতুটি নৌপরিবহন চলাচলের উপযোগী করে নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় ওই সেতুসহ ভৈরব নদে অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বাবলাতলা এলাকায় নদ সংকুচিত করে কয়েক কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হচ্ছে; যা প্রস্তাবিত ভৈরব নদ খনন প্রকল্পের পরিপন্থী। অবিলম্বে সেতুটি খনন প্রকল্পের সঙ্গে সম্পূরক করার জন্য নির্মাণকাজ বন্ধ করতে হবে৷ এ ছাড়া নদের ওপর অন্যান্য স্থাপনা নির্মাণ বন্ধেও যথাযথ উদ্যোগ নিতে হবে।
স্মারকলিপিতে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রবিউল আলম, ন্যাপের সভাপতি নূর জালাল, সিপিবির সভাপতি আবুল হোসেন প্রমুখ স্বাক্ষর করেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, নৌ-যোগাযোগের জন্য যেখানে পাউবো অপরিকল্পিত সেতু অপসারণের উদ্যোগ নিচ্ছে, সেখানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে বাবলাতলা এলাকায় চার কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে আরেকটি ‘অপরিকল্পিত’ সেতু নির্মাণের কাজ চলছে। নদীর পানির স্তর থেকে ওই সেতুটির উচ্চতা মাত্র ১০ ফুট। পাউবোর নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, এই উচ্চতার সেতু নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
গত ১৪ এপ্রিল প্রথম আলোয় ‘অপরিকল্পিত সেতু, ব্যয় পাঁচ কোটি’ শিরোনামে প্রতিবেদন ছাপানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে যশোরের ভৈরব নদ খননের জন্য একটি প্রকল্পের প্রস্তাব দুই মাস আগে পাউবোর প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে দাখিল করা হবে।
সড়ক ও জনপথ বিভাগ-২-এর যশোর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মণীন্দ্রনাথ অধিকারী বলেন, নির্মাণাধীন সেতুটির উচ্চতা পুরোনো সেতুর চেয়ে কম হবে না। তা ছাড়া এখন আর কিছু করার নেই।
সওজ সূত্রে জানা গেছে, এম এস ইসলাম ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের ২২ সেপ্টেম্বর সেতুটির নির্মাণকাজ শুরু করে।