ভৈরব নদের অবৈধ স্থাপনাই উচ্ছেদ হয়নি
যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভৈরব নদ। নদটি খননের প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু ওই নদ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যায়নি। দখলদারেরা সময় চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করে রেখেছেন। এ কারণে তাঁদের উচ্ছেদ করতে পারছে না প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ভৈরব নদের দড়াটানা সেতুর দুই পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। হাসান বুক ডিপোর স্বত্বাধিকারী আবুল হাসান সরকার, আবুল কাসেম সরকার ও আবুল কালাম সরকার, কুদরত গনি খানসহ কয়েকজন আশির দশকে জেলা প্রশাসকের কাছ থেকে খাস জমি হিসেবে ওই জায়গা বন্দোবস্ত নিয়ে স্থাপনা নির্মাণ করেন।জানা গেছে, ২০০৫ সালের ১৪ জুন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ওয়াজেদ ভূমি মন্ত্রণালয়ে ভৈরব নদ উচ্ছেদসংক্রান্ত একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, ভৈরব নদের নাব্যতা বজায় রাখা ও পাশের এলাকার পরিবেশ বিপর্যয় রোধে নদের তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ সময় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়। পরে আবুল হাসান, আবুল কাসেম ও আবুল কালাম বাদী হয়ে উচ্চ আদালতে সময় চেয়ে একটি রিট আবেদন করেন। এ সময় আদালত বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদ না করার নির্দেশ দেন। ২০০৫ সালের পর থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতি এপ্রিল মাসে সময় বাড়ানোর আবেদন জানিয়ে রিট করা হচ্ছে। প্রতিবারই আদালত উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন। এ কারণে জেলা প্রশাসন সেখান থেকে ওই প্রভাবশালী দখলদারদের উচ্ছেদ করতে পারছে না। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জহুরুল হক বলেন, ‘দখলদারেরা উচ্ছেদ অভিযানের আগে উচ্চ আদালতে সময় চেয়ে রিট আবেদন করে রাখেন। আদালতের নির্দেশের বাইরে গিয়ে তখন আমাদের আর কিছুই করার থাকে না। ’ হাসান বুক ডিপোর যশোর কার্যালয়ের ব্যবস্থাপক জসীম উদ্দীন বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে ২০০৩ সালে ভৈরব নদের শূন্য দশমিক পাঁচ একর জমি খাস হিসেবে বরাদ্দ নেওয়া হয়। প্রতিবছর রাজস্ব দিয়ে ওই জমি নবায়ন করা হয়েছে। ২০০৫ সাল থেকে সরকার রাজস্ব নেওয়া বন্ধ করে দেওয়ায় আর ইজারা নবায়ন করা হয়নি। কুদরত গনি খান জানান, হাইকোর্টে একটি রিট আবেদন করে রাখা হয়েছে। নদ খনন করার উদ্যোগ নেওয়া হলে এমনিতেই সরে যেতে হবে। জেলা প্রশাসক নুরুল আমিন বলেন, প্রধানমন্ত্রীর অগ্রগামী প্রকল্প হিসেবে ভৈরব ও কপোতাক্ষ নদ খননের প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাঁর কার্যালয়ে ৩০ জানুয়ারি একটি চিঠি পাঠানো হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের সময় ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে অবৈধ দখলদার উচ্ছেদ কমিটিকে নতুন তালিকা প্রস্তুত করে দখলদারদের কাছে নোটিশ পাঠাতে বলা হয়েছে।