ভৈরব নদের ইজারা বাতিলে স্মারকলিপি
উচ্চ আদালতের রায় অনুসারে যশোর সদর উপজেলার কৈখালি এলাকায় ভৈরব নদের ইজারা বাতিলের দাবি জানিয়েছে ভৈরব নদ সংস্কার আন্দোলন। নদের ইজারা বাতিল, নদটি নৌচলাচলের উপযোগী করা, নদের দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারসহ চার দফা দাবিতে গতকাল বুধবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, ২০১২ সালের মার্চ মাসে যশোর সদর উপজেলার কৈখালি গ্রামের ১০ ব্যক্তি কৈখালি থেকে জামালপুর পর্যন্ত ভৈরব নদের আট কিলোমিটার এলাকার ইজারা বাতিলের জন্য উচ্চ আদালতে রিট আবেদন করেন। আদালত গত বছরের ১৫ জুন নদের ওই অংশের ইজারা বাতিল করে রায় দেন। কিন্তু সে রায় বাস্তবায়িত হচ্ছে না। স্মারকলিপিতে অবিলম্বে নদের ওই এলাকা ইজারামুক্ত করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির, আহ্বায়ক আফসার আলী, সদস্য সুকদেব মজুমদার, মো. জরিফ বিশ্বাস, জাকির হোসেন, আবুল হোসেন, তুহিন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।