ভৈরব নদের ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি
যশোর সদর উপজেলার কৈখালী এলাকার ভৈরব নদের সাত কিলোমিটারের ইজারা বাতিলের দাবিতে গতকাল সোমবার নদতীরবর্তী দুই শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ১২টা থেকে এক ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়, নদের ইজারা বাতিল না করা পর্যন্ত ওই এলাকার নয়টি গ্রামের মানুষ অন্দোলন চালিয়ে যাবে। নতুন কর্মসূচি হিসেবে ১ সেপ্টেম্বর থেকে গণস্বাক্ষর ও ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, প্রবাহমান ভৈরব নদকে বদ্ধ জলাশয় দেখিয়ে স্থানীয় সাংসদ রণজিৎ রায় ও জেলা প্রশাসক নূরুল আমিন ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভৈরব নদের ওই অংশটি বদ্ধ না উন্মুক্ত তা দেখার জন্য জেলা প্রশাসককে নতুন করে সরেজমিন তদন্ত করতে বক্তারা আহ্বান জানান। জেলা প্রশাসক নূরুল আমিন ওই এলাকায় নতুন করে সরেজমিন গিয়ে তদন্ত করার জন্য আন্দোলনকারীদের আশ্বস্ত করেন।