ভৈরব নদের তীরে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের প্রাণকেন্দ্র ভৈরব নদের দড়াটানা সেতু থেকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পর্যন্ত সড়কের পাশের অন্তত ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যশোর কালেক্টরেটের নির্বাহী হাকিম শামীমুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার বিকেলে এ অভিযান চালান।
অভিযানের সময় সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) মিলু মিয়া বিশ্বাস উপস্থিত ছিলেন। চার মাস আগেও ওই সব প্রতিষ্ঠানের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। তবে কিছুদিন যেতে না যেতেই প্রতিষ্ঠানের মালিকেরা আবার সড়কের জমি দখল করে স্থাপনা গড়ে তোলেন।
জানা গেছে, বিকেলে পুলিশের একটি দল অভিযান চালাতে গেলে দোকানের মালিকেরা নিজেদের শ্রমিক দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেন। এ সময় নিউ নুরু হোসেন অ্যান্ড রেস্টুরেন্ট, বাগাট মিস্টান্ন, জনি হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনের স্থাপনা উচ্ছেদ করা হয়।