যশোরের অভয়নগর উপজেলায় দূষণ ও দখলে বিপর্যস্ত ভৈরব নদ। এক মাসের মধ্যে এ নদের সীমানা নির্ধারণের নির্দেশ দিয়েছেন জাতীয় নদী সংরক্ষণ কমিশনের (এনআরসিসি) চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম। এরপর অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
গত সোমবার উপজেলার নওয়াপাড়া নদীবন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এনআরসিসির চেয়ারম্যান। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বিকেলে এ উপজেলায় নদ-নদীর বর্তমান অবস্থা, সমস্যা ও দখলবিষয়ক ওই মতবিনিময় সভা হয়। এর আয়োজন করে অভয়নগরের উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আতাহারুল ইসলাম বলেন, সিএস ও আরএস ভূমি রেকর্ড অনুযায়ী এক মাসের মধ্যে নদের সীমানা নির্ধারণ করতে উপজেলা নদী রক্ষা কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে জনসমক্ষে প্রকাশ করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ করা হবে। দখলদারদের আইনের আওতায় আনা হবে। ভৈরব দূষণকারী একটি ট্যানারির নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে নদী কমিশন অবহিত আছে। আমার সামনে আজ (সোমবার) তারা ভৈরবে বর্জ্য ফেলেছে। আমরা তাদের বারবার ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপনের জন্য বলছি। তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। ইটিপি না করলে ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।’
এনআরসিসির চেয়ারম্যান আতাহারুল গত বছরের ৪ জুন ভৈরব নদের অবস্থা দেখতে অভয়নগরে এসেছিলেন। পরিদর্শন শেষে তখন তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘ভৈরবের দূষণ ও দখল ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে ভৈরব পুনরুদ্ধার, সংরক্ষণ, দূষণ প্রতিরোধ ও নাব্যতা রক্ষা। নদের সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে তাদের উচ্ছেদ এবং দূষণের উৎসমুখ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’ ওই নির্দেশ বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘পরে ঠিকমতো তাগিদ দেওয়া হয়নি। এবার আমরা সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছি। আমি বিশ্বাস করি, এক মাসের মধ্যে তা বাস্তবায়ন শুরু হবে।’
এ উপজেলায় ভৈরব নদের দুই তীর দখল করে গড়ে তোলা হয়েছে ছোট-বড় শতাধিক কারখানা। এসব কারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি পড়ছে নদে। এ ছাড়া নৌযানের পোড়া তেল, পয়োবর্জ্য ও গৃহস্থালির বর্জ্যও নামছে এ নদে। এতে নদের পানি দূষিত হয়ে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে উপজেলার তালতলায় ভৈরব নদের তীরে ট্যানারি এসএএফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিদিন কারখানাটির ৬০০ লিটার রাসায়নিক বর্জ্য সরাসরি ভৈরব নদের পানিতে মিশছে। ভৈরব দূষণের অপরাধে পরিবেশ অধিদপ্তর ঢাকা ও খুলনার একটি যৌথ দল ২০১০ সালের ২৮ নভেম্বর এসএএফ ইন্ডাস্ট্রিকে ৬৯ লাখ ৮৭ হাজার ১৩৬ টাকা জরিমানা করে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, রাসায়নিক বর্জ্যের দীর্ঘমেয়াদি প্রভাবে নদের পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় মাছ ও কাঁকড়া মরে ভেসে উঠছে। গত ৩৬ বছরে নদটি থেকে প্রায় ১৫ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে।