ভৈরব পৌর শহরের সড়কে জলাবদ্ধতা
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের প্রধান সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো সড়ক দেবে গেছে। অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে।পৌর কার্যালয় থেকে জানা গেছে, প্রথম শ্রেণীর মর্যাদার ভৈরব পৌর এলাকায় নৌবন্দর, রেলওয়ে জংশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা রয়েছে। পৌরসভার অধীন প্রায় ৫৫ কিলোমিটার পাকা সড়ক ও চার কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। তিন বছর ধরে সড়কগুলোতে উল্লেখযোগ্য সংস্কারকাজ হয়নি। এ কারণে এক বছর আগের ছোট গর্তের আকার ধীরে ধীরে বড় হচ্ছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে সড়ক দেবে গেছে।সরেজমিনে দেখা গেছে, জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সরণির ‘দুর্জয় ভৈরব’ এলাকার এক পাশ দিয়ে প্রায় এক মাস ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চণ্ডীবের উত্তরপাড়ার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের প্রায় এক কিলোমিটারে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে বৃষ্টির পানি জমে সড়ক তলিয়ে আছে। স্থানীয় লোকজন কাদা ও ময়লা পানি মাড়িয়ে চলাচল করছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা বিকল্প সড়ক ব্যবহার করছে। আইস কোম্পানি-ঘোড়াকান্দা সড়কে এখনো কাদা জমে আছে। নিউ টাউন এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।চণ্ডীবের উত্তরপাড়ার বাসিন্দা হাফিজ মিয়া জানান, সড়কের এই দুরবস্থার কারণে ২০ টাকার রিকশা ভাড়া ৪০ টাকা হয়ে গেছে। দ্বিগুণ টাকা দেওয়ার পরও রিকশাচালকেরা খুশি হন না।পৌর কার্যালয় থেকে জানা গেছে, পৌর মেয়র মো. শাহিন বিএনপির রাজনীতি করেন। তাই রাজনৈতিকসহ নানা কারণে শাহিন উন্নয়নের প্রক্রিয়া সচল রাখতে পারছেন না।শাহিন প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার সড়কগুলোর অবস্থা ভালো নয় এবং কোনো কোনো সড়কে পানি জমে থাকে। এর পরও আমরা ঢাকা বা চট্টগ্রাম শহরের চেয়ে ভালো আছি। অর্থ নেই, কাজ করব কীভাবে? এর পরও চণ্ডীবের জিয়া তোরণ, পাওয়ার হাউস সড়কসহ বেশ কয়েকটি সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বৃষ্টি কমে গেলে এসব সড়কে কাজ শুরু হবে।