ভৈরব পৌরসভা মিলনায়তনে আগুন
কিশোরগঞ্জের ভৈরবে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে গতকাল সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর কর্তৃপক্ষের দাবি, এই আগুনে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পৌরসভা সূত্র জানায়, জিল্লুর রহমান পৌর মিলনায়তনে আসনসংখ্যা এক হাজার ২৫০। আঞ্চলিক সম্মেলন করার জন্য একটি বিমা কোম্পানি গতকাল সারা দিনের জন্য মিলনায়তনটি ভাড়া নেয়। ওই অনুষ্ঠানে কমপক্ষে দেড় হাজার লোক আসে। মিলনায়তনের নির্ধারিত বৈদ্যুতিক পাখার বাইরেও কোম্পানিটির ভাড়ায় ২৫টি ফ্যান এনে চালায়। অতিরিক্ত লাইটও লাগানো হয়। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর অতিরিক্ত চাপের কারণে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ ই ম হাসিবুল ইসলাম দাবি করেন, আগুনে মিলনায়তনের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভৈরব ফায়ার ব্রিগেড কার্যালয়ের টিম লিডার জিন্নত আলী জানান, তাঁদের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মিলনায়তনের ছাদ ও শব্দ নিয়ন্ত্রণের জন্য দেয়ালের দুই পাশে লাগানো কাঠ পুড়ে গেছে। আসনেরও কিছু ক্ষতি হয়েছে। ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম বলেন, এই ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন। তারপরও স্থানীয় শিল্প-সাহিত্য এবং সামাজিক অনুষ্ঠানের চাহিদার কথা বিবেচনায় রেখে যত দ্রুত সম্ভব মিলনায়তনটি ব্যবহারোপযোগী করা হবে।