ভৈরব বাসস্ট্যান্ডে অভিযান শতাধিক স্থাপনা উচ্ছেদ
ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার প্রশাসনের বেঁধে দেওয়া তিন দিনের সময়সীমা শেষ হওয়ার পরও দখলদারেরা তা আমলে না নেওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।
গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় পৌর মেয়র ফখরুল আলম, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ভৈরব কার্যালয়ের প্রকৌশলী মো. জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভৈরব ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভৈরব বাসস্ট্যান্ড আরও গুরুত্বপূর্ণ। কারণ, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক এসে মিলেছে এই বাসস্ট্যান্ডে। কিন্তু এই বাসস্ট্যান্ডের আধা কিলোমিটারের মধ্যে আছে অন্তত অর্ধশত বাস কাউন্টার। কাউন্টারগুলো সড়ক লাগোয়া। ফলে বাস সড়কের ওপরে থামছে। এই কারণে ভৈরব বাসস্ট্যান্ডে দিন-রাত যানজট লেগে থাকে। ঈদে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ত্রিশ মিনিটি থেকে এক ঘণ্টার আগে আধা কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব হয় না। বাস কাউন্টারের পাশাপাশি সড়কের পাশে অসংখ্য ফলের দোকান বসানো হয়েছে। ফুটপাত এখন হকারদের দখলে। এই অবস্থায় যানজট নিরসনে দখলদারদের সরে যেতে তিন দিনের সময়সীমা বেঁধে দেয় উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার সময়সীমা শেষ হয়ে যায়। এই সময়ের মধ্যে কাউন্টার কিংবা ফুটপাতের দোকান কিছুই সরানো হয়নি। এই কারণে বেলা তিনটা থেকে অভিযান শুরু হয়।
গতকাল অভিযান চলাকালে অন্তত অর্ধশত বাস কাউন্টার সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া এ সময় ফুটপাত থেকে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।