ভৈরব বিএনপি দুই টুকরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা বিএনপির বিরোধ বেশ পুরোনো। মাঝে কিছু সময়ের জন্য যাত্রাবিরতি। সম্প্রতি নেতা-কর্মীরা আবার পুরোনো বিরোধে জড়িয়ে পড়েছেন। বিশেষ করে নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীকে ঘিরে রাজনৈতিক কর্মসূচিতে তাঁদের বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।নেতা-কর্মীরা এখন দুই ধারায় বিভক্ত হয়ে পৃথক কর্মসূচি পালন করছেন। নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গেল জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি শরীফুল আলম দলীয় মনোনয়ন চান। শরীফুল আলম মনোনয়ন পেয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে পরাজিত হন। মনোনয়ন নিয়ে ভৈরব বিএনপি দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে। সম্প্রতি দলের বিভিন্ন কমিটি গঠন নিয়ে ফের দুটি পক্ষ হয়েছে। এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম। তাঁর সঙ্গে আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল হাসনাত, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন শাহজাহান, পৌর মেয়র মো. শাহিন, কাউন্সিলর আরিফুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, মাহফুজ আহমেদ ও উসমান মোল্লা। ওই দুটি পক্ষ চার দিনে ইলিয়াস ইস্যুতে পৃথকভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।