ভৈরব-মেন্দিপুর সড়কে পায়ে হাঁটাও ঝুঁকিপূর্ণ!
দেড় যুগেও সংস্কার না হওয়ায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব-মেন্দিপুর সড়কের এখন মরণদশা। ১৪ কিলোমিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের এ সড়কটির অধিকাংশ স্থানের কার্পেটিং খসে পড়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশের মাটি সরে গেছে।এলাকাবাসীর অভিযোগ, এ সড়কে যানবাহন চলাচল দূরের কথা, পায়ে হাঁটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন সড়কসংলগ্ন আশপাশের গ্রামের লোকজন। গত ২৬ ফেব্রুয়ারি কয়েক শ নারী-পুরুষ সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেন। ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একই দাবিতে স্মারকলিপি দেন তাঁরা।সড়কটির বেহালদশার কারণে সাদেকপুর, শ্রীনগর, শিমুলকান্দি ইউনিয়নের লোকজন উপজেলা সদর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই কারণে হাওর উপজেলা অষ্টগ্রামের একটি অংশের মানুষও সহজে ভৈরবে আসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় শিমুলকান্দি গ্রামের ব্যবসায়ী হেলাল মিয়া (৩৮) বলেন, ‘আগে বাড়ি থেকে যানবাহনে চড়ে ভৈরব বাজারে যেতে পারতাম, এখন পারছি না। রিকশায় উঠলে মনে হয়, নরকযন্ত্রণা ভোগ করছি।’ শ্রীনগর গ্রামের হামিদ মিয়া (৪০) বলেন, ‘সড়কটি নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রামীণ জনপথের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এখন আর উৎপাদিত সবজি ও কৃষিজাত পণ্য শহরে নিতে পারছি না। গ্রামের বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে।’সড়ক ও জনপথ ভৈরব সার্কেল দপ্তর সূত্র জানায়, ভৈরব উপজেলার গ্রামীণ জনপথের বাসিন্দাদের উপজেলা সদরের সঙ্গে যুক্ত করতে ১৯৯৬ সালে ভৈরব-মেন্দিপুর সড়ক নির্মাণ করা হয়। সরেজমিনে দেখা গেছে, শিমুলকান্দি থেকে মধ্যেরচর পর্যন্ত তিন কিলোমিটার অংশ পুরোপুরি অচল হয়ে পড়েছে। এই সড়কের বেশির ভাগ অংশে রিকশাও চলতে পারে না। ফলে এলাকাবাসীকে ভেঙে ভেঙে উপজেলা সদরে যেতে হয়। সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) তোফাজ্জল হোসেন ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মোশারফ হোসেন বলেন, এভাবে আর চলছে না। ঘরের নারী ও পুরুষেরা সড়ক নির্মাণের দাবিতে মাঠে নেমেছেন। সড়ক ও জনপথ ভৈরব সার্কেল অফিসের উপসহকারী প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘সড়কটির অবস্থা ভালো নয়। বরাদ্দ না থাকায় সংস্কার করা যাচ্ছিল না। এখন বিভাগীয় অর্থ দিয়ে সংস্কারের কথা ভাবা হচ্ছে।’ ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ সড়কটি শুধু তিন ইউনিয়নবাসী নয়, পুরো ভৈরবের মানুষকেই একসূত্রে বেঁধেছে। সড়কটি সংস্কারে একাধিকবার বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছি।’