ভৈরব রেলস্টেশন সড়কের দুই পাশে আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন সড়কের দুপাশে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন সড়কের দুপাশে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরবে রেলস্টেশন সড়কের দুই পাশে পৌর শহরের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। খোদ পৌর কর্তৃপক্ষই সেখানে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখছে। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্গন্ধে স্থানীয় লোকজন অতিষ্ঠ।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ভৈরব মর্যাদায় ‘ক’ শ্রেণির পৌরসভা। মর্যাদায় বড় হলেও এই পৌরসভায় আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নেই। এ কারণে সড়ক ও নর্দমার আবর্জনা গাড়িতে করে এনে আবার সড়কের পাশেই ফেলা হচ্ছে। কয়েক বছর পরপর স্থান পরিবর্তিত হলেও আবার কোনো না কোনো সড়কের পাশেই ফেলা হয়। শুধু এই কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে।
গত ২৮ জুলাই বিকেলে স্টেশন সড়কে গিয়ে দেখা যায়, সড়কটির দুই পাশে রেলওয়ের দুটি পুকুর। এর পাড়েই আবর্জনার স্তূপ। এতে ওই এলাকায় বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পৌরসভার দুজন পরিচ্ছন্নতাকর্মী গাড়ি ভর্তি করে আবর্জনা এনে সড়কের পাশে ফেলছেন। রাস্তা অতিক্রম করার সময় অধিকাংশ ব্যক্তি নাক চেপে যাতায়াত করছে।
সেখানে এক পরিচ্ছন্নতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ময়লা ফেলার জায়গা নাই। ফেলুম কোন জায়গায়। বাধ্য হইয়া রাস্তার পাশে ফেলতে হইতাছে।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও স্টেশন কর্তৃপক্ষ বলে, ভৈরব রেলওয়ে জংশন। আবার নৌ-বন্দরও। ১৮টি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করে এই স্টেশনে। ফলে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রেলস্টেশনে আসে। স্টেশনে যাতায়াত করার সড়ক এই একটিই। তিন বছর ধরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন সকালে শহরের সব আবর্জনা গাড়িতে করে এনে স্টেশন সড়কের পাশে ফেলে রেখে যাচ্ছেন।
স্টেশন সড়কটি পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ওই ওয়ার্ডের কাউন্সিলর মোমেনুল হক বলেন, নাক না ধরে এ সড়ক পার হওয়ার সুযোগ নেই। তাঁর এলাকার লোকজন সড়কের পাশ থেকে আবর্জনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু এ বিষয়ে তাঁর কিছু করার নেই।
পৌরসভার সচিব দুলাল মিয়া বলেন, উপায় না থাকায় সড়কের পাশে আবর্জনা ফেলতে হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে পৌর শহরের আবর্জনা ফেলার স্থান নির্ধারণ করে দেওয়া হবে।