ভৈরব শহররক্ষা বাঁধের সড়কে ধস, পণ্য পরিবহন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব শহররক্ষা বাঁধ এলাকার সড়ক ধসে পড়েছে। এ কারণে দুদিন ধরে ওই সড়ক দিয়ে ভারী যান চলাচল করতে পারছে না। ফলে নৌবন্দর ও স্থানীয় ব্যবসায়ীদের পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা সড়কের পাশের নর্দমা ও কালভার্টের পাশের জলাশয় ভরাট করে পানিনিষ্কাশনের পথ বন্ধ করে ফেলায় বৃষ্টির পানি জমে সড়কে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিশোরগঞ্জ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঁধটির নাম ‘জিল্লুর রহমান ভৈরব শহর রক্ষা বাঁধ’। মেঘনা নদীর ভাঙন থেকে বন্দর এলাকাটি রক্ষা করার জন্য ২০১০-২০১১ অর্থবছরে বাঁধ নির্মাণ শুরু হয়। ১৮৬০ মিটার দৈর্ঘ্যের এ বাঁধটির নির্মাণ ব্যয় হয় ২১ কোটি ৭৮ লাখ টাকা। কাজ শেষ হয় ২০১২-২০১৩ অর্থবছরে। নৌবন্দরের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার জন্য বাঁধ ঘেঁষে নির্মাণ করা হয় ৭০০ মিটার সড়ক। ২০১২ সালের ১৬ জুন সড়কটির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ নাজমুল হাসান। পাউবো সূত্রে আরও জানা গেছে, সম্প্রতি সড়কের পাশের ব্যবসায়ীরা আবর্জনা ফেলায় নর্দমাটি ভরাট হয়ে গেছে। এ ছাড়া স্থানীয় বাসিন্দারা কালভার্টের পাশের জলাশয়টি মাটি ফেলে ধীরে ধীরে ভরাট করে ফেলেছে। নর্দমা ও কালভার্টের পাশের জলাশয় ভরাট হয়ে যাওয়ায় এখন পানিনিষ্কাশনের স্থানটি বন্ধ হয়ে আছে। এ কারণে বৃষ্টি হলেই সড়কটি বেশির ভাগ জায়গায় পানি জমে থাকে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর সড়কটি থেকে পানি সরছিল না। এ অবস্থায় গত শনিবার সড়কের একটি স্থান দেবে গিয়ে ধসে পড়েছে। আরও কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, সড়কটির একটি অংশ দেবে যাওয়ায় রিকশা ও অটোরিকশা ছাড়া ট্রাক বা বড় যান চলাচল করতে পারছে না। কালভার্টটির পানিনিষ্কাশনের স্থানটি ভরাট হয়ে আছে। নর্দমার চিহ্ন পর্যন্ত নেই। ভৈরব পৌরসভার মেয়র মো. শাহিন বলেন, জায়গাটি রেলওয়ের। সড়কটি করেছে পাউবো। চেয়েও সড়কটির নিয়ন্ত্রণ পায়নি পৌরসভা। তার পরও বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে পৌর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ধসে পড়ার স্থানটি মেরামতের উদ্যোগ নিয়েছে।
পাউবোর কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যতটুকু জেনেছি পানিনিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সড়কটি ধসে পড়েছে। অন্য একটি প্রকল্পের মাধ্যমে পানি সরাতে আরও পরিকল্পিতভাবে নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা হবে।’