এক সপ্তাহের ব্যবধানে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ছয়টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় অন্তত ৩০ হাজার মানুষ বিদ্যুৎ-সুবিধার বাইরে রয়েছে। বিকল ট্রান্সফরমার কবে সচল হবে, তাও নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। ফলে বিদ্যুৎ-গ্রাহকেরা বিক্ষুব্ধ হয়ে উঠছেন।
বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সূত্র জানায়, ভৈরবে গ্রাহকসংখ্যা ৩১ হাজার। আটটি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পিক আওয়ারে চাহিদা ১৮ মেগাওয়াট এবং অফ পিকওয়ারে ১৪ মেগাওয়াট। প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ পেলেও ত্রুটিপূর্ণ সঞ্চালন লাইনের জন্য এখন সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। এক সপ্তাহ ধরে মাঝেমধ্যে ঝড়বৃষ্টি হওয়ায় সঞ্চালনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সঞ্চালন লাইনে কোথাও একটি গাছের ডাল পড়লে বন্ধ হয়ে যাচ্ছে সরবরাহব্যবস্থা। এই সময়ের মধ্যে পৌর শহরের গাছতলাঘাট এলাকায় দুটি, বাজারে দুটি, বাগানবাড়িতে একটি, র্যা ব-১৪ ভৈরব ক্যাম্প এলাকায় একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় অন্তত ৩০ হাজার মানুষ বর্তমানে বিদ্যুৎহীন রয়েছে।
বাগানবাড়ি এলাকার গ্রাহক ব্যবসায়ী হারুন মিয়া বলেন, বাতাস শুরু হতে হয় না, আকাশ কালো হলেই বিদ্যুৎ চলে যায়।
গাছতলাঘাট এলাকার পাদুকা ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, ট্রান্সফরমার বিকল হলে নিজ দায়িত্বে বিদ্যুৎ কার্যালয়ের লোকজনের হাতে কমপক্ষে ১৫ হাজার টাকা দিতে হয়। না দিলে এক মাসের আগে ট্রান্সফরমার সচল হয় না।
একই এলাকার চাল ব্যবসায়ী হোসেন মিয়া বলেন, বিদ্যুৎ না থাকায় সবচেয়ে ক্ষতি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের।
ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ঝড়বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পর বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় নেমে আসে। তিনি জানান, দুর্বল সঞ্চালনব্যবস্থার জন্য বৃষ্টি শুরু হওয়ায় গত শনিবার রাতে একটি ছাড়া বাকি সাতটি ফিডার বন্ধ রাখতে হয়েছে।
বিকল ট্রান্সফরমার কয়েক দিনের মধ্যে সচল হবে কি না—নিশ্চিত নন বলে জানান উপসহকারী প্রকৌশলী আশরাফুল আলম। ট্রান্সফরমার মেরামত বাবাদ গ্রাহকদের কাছ থেকে টাকা নেন না বলে দাবি করেন তিনি। তবে তিনি জানান, ট্রান্সফরমার টঙ্গীর ওয়ার্কশপে নিয়ে মেরামত করাতে হয়। এ জন্য ট্রাক ভাড়াসহ প্রতিটি ট্রান্সফরমারের জন্য তাঁদের খরচ আছে আট হাজার টাকা। কিন্তু সরকার থেকে তাঁরা এই টাকা পান না।