ভৈরবে অপহূত চারজন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে অপহরণকারী চক্রের এক সদস্যসহ দুজনকে আটক এবং অপহূত চারজনকে উদ্ধার করেছে র‌্যাব। গতকাল বুধবার সকালে পৌর সদরের আগমনী হোটেলের একটি কক্ষ থেকে তাঁদের আটক ও উদ্ধার করা হয়। উদ্ধারা হওয়া ব্যক্তিরা হলেন জেলার কুলিয়ারচরের মাসকান্দি গ্রামের মো. আলম (২৬), আদমখাঁরকান্দির রুবেল মিয়া (২৫), বেতিয়ারকান্দির নজরুল ইসলাম (৩৫) ও নাজিরদিঘীর শামছুল হক (১৯)। আটক ব্যক্তিরা হলেন ভৈরব পৌর সদরের ভৈরবপুর মহল্লার রবিন আহম্মেদ (২৫) ও পঞ্চবটির রাসেল মিয়া (৩২)। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, মঙ্গলবার সকাল সাতটার দিকে অটোবাইকচালক আলম ভৈরব থেকে কুলিয়ারচরে ফিরছিলেন। পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে থেকে তাঁর পরিচিত তিন ব্যক্তিকে অটোবাইকে ওঠান। অটোবাইকটি ফায়ার সার্ভিস কার্যালয় থেকে প্রায় ৫০০ গজ দূরে গেলে অপহরণকারীরা আলমসহ চারজনকে অপহরণ করেন এবং আগমনী হোটেলের চারতলার একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। পরে মুক্তিপণ হিসেবে তাঁদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা। অপহূত ব্যক্তিরা মুঠোফোনে বিষয়টি তাঁদের পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা ঘটনাটি র‌্যাবকে জানান। র‌্যাব অভিযান চালিয়ে গতকাল সকাল ১০টার দিকে তাঁদের উদ্ধার করে এবং ওই দুজনকে আটক করে।র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মাহফুজ-উল-আমিন নূর জানান, আটক দুজনের মধ্যে রবিন আহম্মেদ অপহরণকারী চক্রের সদস্য। রাসেল মিয়া হোটেলের কর্মচারী। অপহরণকারী অন্যরা পালিয়ে গেছে। এ সময় দুটি অটোবাইক উদ্ধার করা হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, এ ঘটনায় অটোবাইকচালক মো. আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। রবিন আহম্মেদ পুলিশ হেফাজতে সাংবাদিকদের বলেন, ‘আলমের কাছে আমি টাকা পাব। দিচ্ছে না বলে তাঁদের আটকে রেখে টাকা উদ্ধারের চেষ্টা করছিলাম।’