ভৈরবে আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা
একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গতকাল শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা প্রশাসন এই আদেশ জারি করে।উভয় দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুদ্ধাপরাধী ও রামুতে বৌদ্ধমন্দিরে হামলাকারীদের বিচারের দাবিতে উপজেলার গজারিয়া ইউনিয়নের চৌমুহনী বাজার মাঠে গতকাল বিকেল তিনটায় ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশ ডেকেছিল। একই দিন ইউনিয়নের দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে একই সময় ও স্থানে বিএনপিও সমাবেশ ডাকে। এ ঘটনায় এলাকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিন্নত আলী বলেন, চৌমুহনী বাজারে গতকাল সমাবেশ করার কথা। এটা সবার জানা ছিল। শুধু বিএনপি জানতে চায়নি। এ কারণেই উত্তেজনার সূত্রপাত হয়েছে।তবে উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, গজারিয়ায় দলীয় কার্যালয় উদ্বোধনের তারিখ ২ অক্টোবর নির্ধারণ করা হয়। এক সপ্তাহ ধরে প্রচারণা চালানো হয়েছে। ১৫-২০টি তোরণ নির্মাণ করা হয়ে গেছে। এই অবস্থায় আওয়ামী লীগ সমাবেশ ডেকে ভৈরবের রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করেছে।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, পাল্টাপাল্টি সমাবেশের কারণে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।