ভৈরবে আ.লীগ-বিএনপি উত্তেজনা বেড়েই চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। উপজেলার গজারিয়া ইউনিয়নের চৌমহনী বাজারে একই সময় পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই সমাবেশ ঘিরে ইতিমধ্যে দুবার ১৪৪ ধারা জারি করা হয়। এতে দল দুটির পাল্টাপাল্টি সমাবেশ পণ্ড হয়ে যায়। যেকোনো মূল্যে ওই সমাবেশ করা এখন উভয় দলের কাছেই যেন মর্যাদা রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দল দুটি আগের স্থানেই দ্রুততম সময়ের মধ্যে ফের সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এ নিয়ে শহরে চলছে পাল্টাপাল্টি মিছিল। মিছিলে নেতা-কর্মীরা একে অপরের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিচ্ছেন। বিএনপি সমাবেশ করলে একই সময় আওয়ামী লীগও সমাবেশ করবে বলে এই দলের নেতা-কর্মীরা জানিয়েছেন। বিএনপির নেতা-কর্মীরাও বলেছেন, ক্ষমতাসীন দলকে তাঁরা খালি মাঠে ছেড়ে দেবেন না। প্রতিপক্ষ দল যেদিন সমাবেশ করবে তাঁরাও সেদিন একই কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন। এই রেষারেষির মনোভাবে উপজেলার তুলনামূলক শান্ত ও সম্প্রীতির রাজনৈতিক পরিবেশ ঘোলাটে হয়ে উঠেছে।জানা গেছে, উপজেলার চৌমহনী বাজার মাঠে গত ১৩ অক্টোবর বেলা তিনটায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করে। যুদ্ধাপরাধী ও রামুর বৌদ্ধপল্লিতে হামলাকারীদের বিচারের দাবিতে এই সমাবেশ ডাকা হয়। একই সময় ও একই স্থানে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। দলের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন উপলক্ষে এ সমাবেশ আহ্বান করা হয়। তখন থেকেই উত্তেজনার শুরু। অপ্রীতিকর অবস্থা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এতে সমাবেশ অনুষ্ঠিত হতে পারেনি। এক দিন বিরতি দিয়ে সোমবার দল দুটি ফের একই স্থানে সমাবেশ ডাকে। প্রশাসনের হস্তক্ষেপে এবারও তা হয়নি। এর আগে সমাবেশ উপলক্ষে নির্মাণ করা বেশ কয়েকটি তোরণ পুলিশের সহায়তায় আওয়ামী লীগের কর্মীরা ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা। ইউনিয়ন বিএনপির সহসভাপতি এলাস উদ্দিন ভূঁইয়া দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইউনিয়নবাসীর আশা ছিল এলাকায় উন্নয়ন হবে। কিন্তু তার কিছুই হয়নি। ক্ষোভ থেকে অনেকে দলবদলের ঘোষণা দেন। ১৩ অক্টোবর সমাবেশে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের কথা ছিল। এই দৃশ্য যাতে দেখতে না হয়, সে কারণে দলটি তড়িঘড়ি পাল্টা সমাবেশ ডেকে প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারি করায়। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইছ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ক্ষমতাসীন দলকে বিব্রতকর অবস্থায় ফেলতে নিজেরাই তোরণ ভেঙে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়া চেষ্টা করছে বিএনপি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিন্নত আলী বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে সমাবেশ করবই। বিএনপি করতে চাইলে তো কথাই নেই।’ উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘চৌমহনী বাজারে সমাবেশ করতেই হবে। ওই ভাবনা থেকে এগিয়ে যাচ্ছি। তা না হলে আমরা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ব।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, সমাবেশ নিয়ে উত্তেজনা আছে। প্রশাসন পুরো বিষয়টি নজরদারিতে রেখেছে।