ভৈরবে আ.লীগের কমিটি ভেঙে দেওয়ার দাবি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে নতুন কার্যকরী পর্ষদ গঠনের দাবি জানিয়েছেন দলটির একাংশের নেতারা। গত শুক্রবার পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর এক সভায় এ দাবি জানানো হয়। স্থানীয় জিল্লুর রহমান মিলনায়তনে আয়োজিত সভায় দলের উপজেলা কমিটির সভাপতি সায়দুল্লাহ মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দলীয় স্বার্থ বিবেচনা না করারও অভিযোগ করেন নেতারা। শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুজ্জামান, নাদিরুজ্জামান ভুঁইয়া, সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল মনসুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফাত উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম এ লতিফ, উপজেলা যুবলীগের সভাপতি ওমর ফারুক, সহসভাপতি আবদুল্লাহ আল-মামুন, উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমেদ, গজারিয়া ইউপি চেয়ারম্যান কায়সার ভুঁইয়া প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, দলের সব ক্ষমতা সভাপতি সায়দুল্লাহ একাই কুক্ষিগত করে রেখেছেন। যত লুটপাট ও অপকর্ম তাঁর নেতৃত্বেই হচ্ছে। তাঁর কারণেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সিরাজ উদ্দিন বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ভৈরব চেম্বারের নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সভাপতি সায়দুল্লাহ কাজ না করায় তাঁরা পরাজিত হন। ব্যক্তিস্বার্থ রক্ষায় বিএনপির প্রার্থীদের জয়ী করতেই সভাপতি এ ধরনের আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ আচরণের মধ্য দিয়ে সভাপতি যে দলের চেয়ে নিজের স্বার্থের কথা বেশি ভাবেন, তা প্রমাণ করেছেন। মোস্তাক আহমেদ বলেন, সায়দুল্লাহ মিয়া সাড়ে চার বছর ধরে ভৈরবের মানুষকে শুধু ঠকিয়ে এসেছেন। এখন তাঁর অবসরে যাওয়া উচিত। এদিকে অভিযোগ সম্পর্কে সায়দুল্লাহ মিয়ার মতামত জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠরা বলেন, আসলে সভাপতি শক্ত হাতে দল পরিচালনা করছেন বলে কিছু নেতা ক্ষমতার অপব্যবহার করতে পারছেন না। তাঁরাই শুক্রবার সভাটি করেছেন।