ভৈরবে আইনজীবী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা ও আইনজীবী মো. পলাশ (৩৫) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। পলাশের বোন শারমিন সুলতানা বাদী হয়ে গতকাল বুধবার ভৈরব থানায় মামলাটি করেন।
মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত মঙ্গলবার রাতে শহরের গাছতলাঘাট মহল্লা থেকে জাকির হোসেন ও তাঁর ছোট ভাই মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁরা এই মামলার এজাহারভুক্ত আসামি।
পরিবারের সদস্য ও মামলার এজাহার সূত্রে থেকে জানা গেছে, জাকির ও মোবারক গাছতলাঘাট মহল্লার বাসিন্দা। ১০ বছর আগে তাঁদের কাছ থেকে সোয়া ৫ শতাংশ জমি কেনেন পলাশ। ওই জমি পৌর শহরের ভৈরবপুর মহল্লায়। দলিল করা নিয়ে বিক্রেতাদের সঙ্গে পলাশের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে দলিল করে দিতে বাধ্য হন তাঁরা। তবে সম্প্রতি তাঁরা জমির দখলে না যাওয়ার জন্য পলাশকে চাপ দিচ্ছিলেন। বাদী শারমিন সুলতানা বলেন, ‘আমাদের ধারণা, খুনের সঙ্গে জমি কেনাবেচার যোগসূত্র থাকতে পারে।’
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশ হেফাজতে গ্রেপ্তারকৃত জাকির ও মোবারক খুনের সঙ্গে তাঁদের যোগসূত্রের অভিযোগ অস্বীকার করেন।
পলাশের গ্রামের বাড়ি ভৈরব উপজেলার আগানগর দক্ষিণপাড়ায়। তিনি ভৈরব উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। গত সোমবার রাত সোয়া ১১টার শ্বশুরবাড়ি পৌর শহরের চণ্ডীবের পাঠানবাড়িতে যাওয়ার সময় শহরের ভৈরবপুর মহল্লার নাটাল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি নিহত হন।