ভৈরবে এক পক্ষের হামলায় বিএনপির নির্বাচনী বৈঠক পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর ডাকা সভা এক পক্ষের হামলায় পণ্ড হয়ে যায়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল পৌ​র শহরের নতুন টাউন এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর ডাকা সভা এক পক্ষের হামলায় পণ্ড হয়ে যায়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল পৌ​র শহরের নতুন টাউন এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী বৈঠকে দলটির এক পক্ষের নেতা-কর্মীরা গতকাল সোমবার হামলা চালিয়েছেন। এতে বৈঠক পণ্ড হয়ে যায়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
গতকাল দুপুরে পৌর শহরের নিউ টাউন মহল্লায় অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফুল আলমের বাংলোবাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় সময় শরীফুল আলম নিজ ভবনে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
দলটির কয়েকজন নেতা-কর্মী বলেন, গিয়াস উদ্দিন দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। এক-এগারোর পর সংস্কারপন্থী হওয়ার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর শরীফুল আলম ভৈরব উপজেলা বিএনপিতে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। দলীয় নেতৃত্বে টিকে থাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছে। এই অবস্থায় দেড় মাস আগে আলমের নেতৃত্বে ভৈরব উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন হয়। দলটির একটি অংশ নবগঠিত কমিটিকে মেনে নিতে পারেননি। বিদ্রোহী নেতা-কর্মীরা গিয়াসবলয়ে যুক্ত হয়ে গত ২৩ অক্টোবর জনসভা করে শরীফুল আলমকে ভৈরবে অবাঞ্ছিত ঘোষণা করেন।
গতকাল শরীফুল আলমের বাসভবনে পৌর নির্বাচনের দলীয় মেয়র প্রার্থী মো. শাহিনের নির্বাচনী বৈঠক আয়োজন করে উপজেলা বিএনপি। এতে যোগ দেন শরীফুল আলম। বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শুরু হয়।
শরীফুল আলম ভৈরবে এসেছেন এই খবর পেয়ে গিয়াস উদ্দিনের পক্ষ লাঠিসোঁটা নিয়ে তাঁর বাসভবনে হামলা চালায়। পক্ষ দুটির মধ্যে বেশ কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে অন্তত ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়।
শরীফুল আলম বলেন, ‘আজ যা ঘটেছে পুরোটাই ক্ষমতাসীন দলের ইঙ্গিতে হয়েছে। উপলক্ষ পৌর নির্বাচন। আমাকে ঠেকিয়ে দিতে না পারলে দলীয় প্রার্থীর ভরাডুবি হবে ভেবে পুলিশ ও বহিষ্কৃত নেতা গিয়াস উদ্দিনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ক্ষমতাসীন দল।’
শরীফুল আলমের অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ বলেন, যা ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে। এখানে আওয়ামী লীগের যোগসূত্র থাকার কোনো কারণ নেই।
গিয়াস উদ্দিন বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে শরীফুল আলম ঢাকায় বসে পকেট কমিটি করায় ভৈরবে তাঁকে অবাঞ্ছিত হতে হয়েছে। অবাঞ্ছিত ঘোষণার পর ভৈরবে আসায় নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে তাঁর বাড়িতে হামলা করে।
ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, ‘প্রতিপক্ষের নেতা-কর্মীরা শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছিল। পরে আমরা শরীফুল আলমকে নিরাপদ স্থানে নিয়ে আসি।’