ভৈরবে একটি এনজিওর চারজন কর্মী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে অননুমোদিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যালয় ঘেরাও করে সংস্থাটির চারজন কর্মীকে লাঞ্ছিত করেছেন গ্রাহকেরা। পরে পুলিশ গিয়ে ওই চার কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। সংস্থাটির নাম সমাজকল্যাণ উন্নয়ন প্রকল্প। আটক হওয়া ব্যক্তিরা হলেন, সংস্থার ভৈরব শাখা ব্যবস্থাপক মো. আক্রামুজ্জামান এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, রাসেল মিয়া ও আবুল হোসেন। পুলিশ ও গ্রাহকদের সূত্রে জানা যায়, ৪ মে থেকে ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নে সমাজকল্যাণ উন্নয়ন প্রকল্প নামের বেসরকারি সংস্থাটি তাদের কার্যক্রম শুরু করে। ঋণ বিতরণ হলো সংস্থাটির প্রধান কর্মসূচি। কালিকাপ্রসাদ ইউনিয়নের চকবাজারে একটি কার্যালয় খোলে। সংস্থাটির প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। কালিকাপ্রসাদ ছাড়াও পাশের শিবপুর ও গজারিয়া ইউনিয়নেও সংস্থাটি তাদের কার্যক্রম নিয়ে মাঠে নামে। ৫০ হাজার টাকা ঋণের বিপরীতে পাঁচ হাজার, এক লাখের বিপরীতে ১০ হাজার ও দুই লাখ টাকার বিপরীতে ২০ হাজার টাকা করে সংস্থার কর্মীরা গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নিয়েছিলেন। সংস্থাটির মাঠকর্মীরা নির্দিষ্ট অনুপাতে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করলেও এখন পর্যন্ত কাউকে ঋণ দেননি। এতে গ্রাহকদের মধ্যে সন্দেহের তৈরি হয়। পরে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, সংস্থাটির কোনো অনুমোদন নেই। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুমোদন না থাকার খবর পেয়ে সংস্থাটির কয়েকজন গ্রাহক গতকাল দুপুর ১২টার দিকে কালিকাপ্রসাদ কার্যালয় ঘেরাও করে। খবর পেয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম পুলিশ নিয়ে সেখানে ছুটে যান। পরে গ্রাহকদের সঙ্গে কথা বলে তাঁরা সংস্থাটির চারজনকে আটক করে নিয়ে আসেন। এ সময় জাকির হোসেন নামের একজন গ্রাহক বলেন, ‘ঋণ দেবে বলে আমাদের কাছ থেকে ঢালাওভাবে অগ্রিম টাকা আদায় করেছে। অথচ এখন ঋণ দেওয়ার খবর নেই।’ গ্রাহক আবিদ হাসান বলেন, ‘আমরা নিশ্চিত হতে পেরেছি, আর কিছুদিন কার্যক্রম চালিয়ে গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানটি পালাত।’জানতে চাইলে ইউএনও মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, সমাজকল্যাণ উন্নয়ন প্রকল্প নামে কোনো এনজিও আছে, এমন তথ্য উপজেলা প্রশাসনে নেই। তা ছাড়া সংস্থাটি এনজিও ব্যুরোর কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। তা ছাড়া ঋণ কর্মসূচি পরিচালনারও অনুমতিও নেই। তিনি বলেন, গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানায় আটক সংস্থাটির শাখা ব্যবস্থাপক মো. আক্রামুজ্জামান বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা ঋণ কর্মসূচির মাধ্যমে সমাজে অবদান রাখতে চেয়েছিলম। কিন্তু গ্রাহক কী কারণে ভুল বুঝল, বুঝতে পারছি না।’ ঋণ কর্মসূচি পরিচালনায় অনুমতি আছে কি না, এই প্রশ্নে তিনি বলেন, ‘সবকিছুই প্রক্রিয়াধীন ছিল।’