ভৈরবে এবার দিনের বেলায়ই দুই হাজার মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের একটি পোলট্রি খামারে বার্ড ফ্লু সংক্রমণের কারণে গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় দুই হাজার মুরগি নিধন করা হয়েছে। একই খামারে এর আগে কয়েক দফায় বার্ড ফ্লু-আক্রান্ত মুরগি নিধন নিয়ে প্রশ্ন ওঠায় এবার দিনের বেলায়ই মুরগি নিধন করা হলো।জানা গেছে, পৌর শহরের বুশরা পোলট্রি খামারে প্রথম বার্ড ফ্লু শনাক্ত হয় প্রায় আড়াই বছর আগে। ওই সময় প্রায় আট হাজার মুরগি নিধন করা হয়। এরপর আবারও সেখানে বার্ড ফ্লু ধরা পড়ায় গত ৯ ফেব্রুয়ারি নিধন করা হয় পাঁচ হাজার ৩৯৮টি মুরগি। প্রতিটি মুরগির জন্য ২৫০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় ওই খামারের মালিককে।ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ভৈরবের শুধু ওই খামারেই বারবার বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় এবং রাতে মুরগি নিধন করায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দেয়। বিষয়টি নিয়ে অনেকেই তাঁর কার্যালয়ে এসে অভিযোগও করেন। এলাকাবাসীর সন্দেহ, এর আগে ওই খামারের বার্ড ফ্লু-আক্রান্ত সব মুরগি নিধন না করে রাতের আঁধারে অন্য কোথাও সরানো হয়েছে অথবা কম নিধন করে বেশি ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এ কারণে এবার দিনের বেলায় নিধন করার জন্য তিনি পরামর্শ দেন।