ভৈরবে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস?
পরীক্ষার আগেই ভৈরবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সচেতন অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। গত রোববার সারা দেশে একযোগে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত শনিবার দুপুরের পর থেকে প্রশ্নপত্র ফাঁসের আলোচনা হতে থাকে। ওই দিন সন্ধ্যার মধ্যেই কিছু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের হাতে প্রশ্নপত্রটি চলে আসে। এটি ছিল হাতে লেখা, তিন পাতার ছয় পৃষ্ঠাজুড়ে। ভৈরব কেন্দ্রে ‘ক’ সেটে পরীক্ষা হয়। ওই প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল ছিল।
ভৈরব হাজি আসমত কলেজের গণিতের শিক্ষক ইউছুফ আলী বলেন, ‘আমার সন্তান পরীক্ষা দিচ্ছে। প্রস্তুতি ভালো ছিল। এ অবস্থায় প্রশ্ন ফাঁসের কথা জেনে সে মানসিকভাবে ভেঙে পড়েছে।’ তিনি জানান, ছেলের অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে পরে তিনি ফাঁস হওয়া প্রশ্নের কপি সংগ্রহ করেন। পরীক্ষা নেওয়া ও ফাঁস হওয়া প্রশ্নের মধ্যে শতভাগ মিল পেয়েছেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাইভেট পড়ান—এমন কয়েকজন শিক্ষকের মাধ্যমে ভৈরবে প্রশ্নটি ছড়িয়ে পড়ে। প্রতি কপি প্রশ্ন এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়।
ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব এম এ মুহিত বলেন, ‘অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়েছি। কী করব ভেবে পাচ্ছি না।’
স্থানীয় শিমুলকান্দি কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান বলেন, ‘ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নপত্রের শতভাগ মিল থাকার বিষয়টি প্রায় সব বিদ্যালয়ের শিক্ষকই আমাকে জানিয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, ‘ভৈরব থেকে প্রশ্ন ফাঁস হয়েছে কি না জানা নেই। অন্য কোথাও থেকেও ফাঁস হয়ে এখানে আসতে পারে। তার পরও আমরা সতর্ক থাকব। ফটোকপির দোকানগুলোতে নজরদারি বাড়াব।’