ভৈরবে কর্মসূচি নেই আওয়ামী লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে ভৈরবে কোনো কর্মসূচি নেই স্থানীয় আওয়ামী লীগের। আজ ২০ মার্চ তাঁর মৃত্যুবার্ষিকীর দিনটিতে কর্মসূচির তথ্যও জানা নেই স্থানীয় আওয়ামী লীগের নেতাদের। তবে মিলাদ মাহফিল হবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ।
জিল্লুর রহমান ভৈরব থেকে রাজনীতি শুরু করেছিলেন। রাজনীতির ৫০ বছরের বেশি সময়ে তিনি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে ছয়বার সাংসদ নির্বাচিত হন। মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতিও হন।
জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনটি এভাবে নীরবে কেটে যাবে, তা মেনে নিতে পারছেন না সাধারণ মানুষও। রফিকুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী এবং জিল্লুর রহমানের প্রতিবেশী ফাতেমা তাবাস্সুম বলেন, ‘নেতাকে মানুষ ভোলেনি। তবে তাঁর জীবনকর্ম বাঁচিয়ে রাখার দায়িত্ব তাঁর প্রিয় দল আওয়ামী লীগেরই।’
গত মঙ্গলবার জিল্লুর রহমানের ভৈরবের আইভি ভবনে গিয়ে দেখা যায় বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো আয়োজনের প্রস্তুতি নেই। এ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মুনসুর বলেন, ‘সবাই ব্যস্ত উপজেলা নির্বাচন নিয়ে। তাই মিলাদ মাহফিল আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে।’
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল হবে। স্থানীয় দৈনিক গৃহকোণ একটি বিশেষ সংখ্যা প্রকাশ করছে বলে পত্রিকাটির সম্পাদক এম এ লতিফ প্রথম আলোকে জানিয়েছেন।