ভৈরবে কলেজ সরকারি করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস বর্জন
কিশোরগঞ্জের ভৈরবে হাজী আসমত কলেজকে সরকারি করার দাবিতে লাগাতার বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। ‘দ্রুত সময়ের মধ্যে সরকারীকরণ চাই’—এই দাবিতে গতকাল বুধবার সকালে সর্বদলীয় ছাত্র ঐক্যপরিষদের ব্যানারে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে ভৈরব বন্দর এলাকায় যাওয়ার পথে পুলিশি বাধার মধ্যে পড়ে। এ সময় বাসের জানালার একটি কাচ ভেঙে উচ্চমাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র অনিক আহমেদ আহত হয়। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিছিল শেষে শিক্ষার্থীরা ভৈরব প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে। সংবাদ সমেঞ্চলনে ছাত্ররা বলে, ‘১৯৪৭ সালে ভৈরব হাজী আসমত কলেজ প্রতিষ্ঠিত হয়। ৪২ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত কলেজটিতে সাতটি বিভাগে অনার্স কোর্স চালু আছে। ভৌগোলিক সুবিধার জন্য এখনো পাশের কয়েকটি জেলার শিক্ষার্থীরা এই কলেজে পড়তে আসে। তবে দুঃখজনক হলেও সত্য, এ সময়ের মধ্যে কম গুরুত্বপূর্ণ অনেক কলেজ সরকারীকরণ হয়ে গেলেও হাজী আসমত কলেজের দিকে সরকারের কোনো নজর নেই। মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভৈরবে নাগরিক সংবর্ধনায় বলেছিলেন, দেশের একটি কলেজ সরকারি করা হলে সেটি হবে হাজী আসমত কলেজ। কিন্তু আমরা আশার আলো দেখছি না। সেই কারণে এক সপ্তাহ ধরে আমরা আন্দোলন শুরু করেছি।’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান বাচ্চু বলেন, ‘সরকারীকরণ ইস্যুতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ছাত্রদের দাবির বিষয়টি আমি এপিএসের মাধ্যমে স্থানীয় সাংসদকে অবহিত করেছি।’