ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ আহত ৪৫
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে গতকাল শুক্রবার ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার ক্রিকেট খেলা নিয়ে লুন্দিয়া গ্রামের হাজিবাড়ি ও আলীবাড়ির লোকজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। ঘটনাটি মীমাংসার জন্য গতকাল সালিস ডাকা হয়। সালিস বসার আগেই দুপুর ১২টার দিকে হাজিবাড়ির লোকজনের ওপর আলীবাড়ির লোকজন অতর্কিত হামলা চালায়। পরে হাজিবাড়ির লোকজনও সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মুক্তার, মোস্তু মিয়া, মুছা, শফিকুল, চাঁন মিয়া, নিয়ামত, জাকির, মিন্নত, লাল মিয়া, একাব্বরসহ উভয় পক্ষের অন্তত ৪৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।